আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

RE-POLL : দক্ষিণ ২৪ পরগনার ১৫ বুুথে কড়া নিরাপত্তায় চলছে পুনর্নির্বাচন !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দক্ষিণ ২৪ পরগনা জেলার দুটি বিধানসভার ১৫টি বুথে শুরু হয়েছে পুননির্বাচন। মগরাহাট পশ্চিম বিধানসভার ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট পর্ব। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি রয়েছে বুথ গুলিতে। এখনো পর্যন্ত কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বঙ্গে প্রথম দফার ভোটে পুননির্বাচনের কোনো দাবি ওঠেনি। কিন্তু বুধবার অর্থাৎ দ্বিতীয় দফার ভোট মিটতেই ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। এই বুথের সবগুলিই দক্ষিণ ২৪ পরগনার চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৩২টি অভিযোগ জমা পড়েছে ফলতা থেকে। এরপর রয়েছে ডায়মন্ড হারবার ২৯টি, মগরাহাট থেকে ১৩ ও বজবজ থেকে ৩টি অভিযোগ জমা পড়েছে। কোথাও ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া, কোথাও আবার ইভিএমে আতর লাগিয়ে দেওয়া বা ক্যামেরায় রুমাল চাপা দেওয়ার অভিযোগ এসেছে।

অন্যদিকে, ভোটের অন্তিম লগ্নে নির্বাচন কমিশনে বিস্ফোরক অভিযোগ জমা পড়ে । বলা হয়, ভোটারের জামার পকেটে স্পাই ক্যামেরা রাখা হয়। যাতে শনাক্ত করা যায়, ভোটার কোন দলকে ভোট দিচ্ছেন! ডায়মন্ড হারবারের মগরাহাট পশ্চিম থেকে চাঞ্চল্যকর এই অভিযোগ জমা পড়ে কমিশনে। একের পর এক অভিযোগ নিয়ে রীতিমতো কড়া সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। জানা যায়, যে সমস্ত জায়গাগুলি থেকে এই অভিযোগ ওঠে সেখানে গত বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তারপর রিপোর্টও জমা দেন তিনি। তারপরই পুনর্নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মগরাহাটের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে ফের ভোটাভুটির সিদ্ধান্ত কমিশনের। তবে ফলতার কোনও বুথে পুনর্নির্বাচনের কথা জানায়নি কমিশন। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *