আজকের দিনেবাংলার আয়না

Rail Station : আর সোদপুর-খড়দহ নয়! পাল্টে যাচ্ছে স্টেশনের নাম, রেলমন্ত্রকে গুরুত্বপূর্ণ প্রস্তাব মন্ত্রী কল্যাণের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ঐতিহ্যের খোঁজে বড় পদক্ষেপ! সোদপুর ও খড়দহ স্টেশনের নাম বদলের আর্জি জানালেন খড়দহের বিধায়ক তথা মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। রেলমন্ত্রকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে লিখিত প্রস্তাব। কী হতে চলেছে নতুন নাম? জায়গার সঙ্গে আধ্যাত্মের মেলবন্ধনই আসল কারণ।

মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর প্রস্তাব, সোদপুর স্টেশন হবে পানিহাটি এবং খড়দহ স্টেশন হবে শ্রীপাট খড়দহ। প্রভু নিত্যানন্দের স্মৃতিবিজড়িত খড়দহ-পানিহাটির সাড়ে পাঁচশো বছরের বৈষ্ণব ঐতিহ্য সামনে আনতেই এই উদ্যোগ। চৈতন্য ভাগবত-সহ একাধিক বৈষ্ণব গ্রন্থে এই দুই জায়গার উল্লেখ আছে।

মন্ত্রীর বক্তব্য, “শ্রীপাট খড়দহ এবং পানিহাটি নাম হলে এলাকার চেহারাই বদলে যাবে। টেম্পল ট্যুরিজম গড়ে উঠবে। কর্মসংস্থানের নতুন দরজা খুলবে।” প্রাচীন মন্দিরগুলিকে যুক্ত করে ধর্মীয় পর্যটনের পরিকল্পনা রয়েছে তাঁর।

শুধু নাম বদল নয়। নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে মোট সাতটি প্রস্তাব পাঠিয়েছেন মন্ত্রী। খড়দহ স্টেশন থেকে বিটি রোড পর্যন্ত ফ্লাইওভার, বলরাম হাসপাতালের উন্নয়ন, খড়দহের খাল সংস্কার এবং খড়দহ স্টেশনকে মডেল স্টেশন করার দাবি রয়েছে তালিকায়।

খাল প্রসঙ্গে কল্যাণ জানান, “পাঁক জমে নাব্যতা কমেছে। পলি তুলে খালকে বাঁচাতে হবে।” বিটি রোড থেকে পূর্ব দিকে খালের উপর পিলার দিয়ে রাস্তা করার ভাবনাও আছে। এতে জমি অধিগ্রহণ লাগবে না বলেই দাবি। তবে জলপ্রবাহ যাতে না আটকায়, সে দিকেও নজর রাখা হচ্ছে।

নাম বদলের প্রস্তাব পাশ হলে বদলে যাবে সোদপুর-খড়দহ পরিচয়। তার জায়গায় জুড়বে শ্রী চৈতন্য ও নিত্যানন্দের মাহাত্ম্য। ফ্লাইওভার থেকে মডেল স্টেশন, একগুচ্ছ প্রস্তাব বাস্তবে রূপ পেলে খড়দহের ভোল বদল শুধু সময়ের অপেক্ষা। এবার রেলমন্ত্রকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *