Magrahat-Relief Goods : মগরাহাটে রাতে ত্রাণের মাল পাচার! প্রাক্তন মন্ত্রী গিয়াস মোল্লার বাড়ি থেকে লোড, অভিযোগে চাঞ্চল্য !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি: – দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমে রাতের অন্ধকারে ত্রাণের মাল পাচারের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, প্রাক্তন মন্ত্রী গিয়াস মোল্লার বাড়ি থেকে ত্রিপল, ধুতি-সহ প্রচুর ত্রাণ সামগ্রী লোড করে পাচার করা হচ্ছিল। গাড়ি আটক করে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে গাড়ি-সহ মালপত্র বাজেয়াপ্ত করেছে উস্তি থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে মগরাহাট পশ্চিমের শিরাকোল পিঁয়াজগঞ্জ মোড়ে। স্থানীয় বাসিন্দারা রাতে একটি সন্দেহজনক গাড়ি আটক করেন। গাড়িতে ত্রিপল, ধুতি-সহ প্রচুর ত্রাণ সামগ্রী ছিল।
গাড়ি আটকে চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মালগুলি প্রাক্তন মন্ত্রী গিয়াস মোল্লার বাড়ি থেকে লোড করা হয়েছে। পিঁয়াজগঞ্জের পঞ্চায়েত মেম্বার সৌরভ নস্করের বাড়িতে মাল নামিয়ে গাড়িটি চলে যাচ্ছিল। যাওয়ার পথেই এলাকার বাসিন্দারা গাড়িটিকে ধরে ফেলেন।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উস্তি থানার পুলিশ। গাড়ি-সহ সমস্ত মালপত্র আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে উস্তি থানা।
উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা জেলায় গত এক সপ্তাহে একাধিক জায়গা থেকে ত্রাণের মাল উদ্ধারের ঘটনা সামনে এসেছে। সাগর বিধানসভা এলাকায় গোপন ডেরা থেকে বিপুল পরিমাণ ত্রিপল ও খাদ্যসামগ্রী উদ্ধার হয়। কুলতলীতে পঞ্চায়েত সদস্যের বাড়ির গোডাউন থেকে সরকারি স্ট্যাম্প দেওয়া ত্রাণের মাল পাওয়া যায়। রায়দিঘিতেও একটি ক্লাব ঘর থেকে ত্রাণের ধুতি, শাড়ি ও শুকনো খাবার উদ্ধার করে পুলিশ। প্রতিটি ক্ষেত্রেই স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এই ঘটনাগুলির পরই মগরাহাটের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
সাগর, কুলতলী, রায়দিঘির পর এবার মগরাহাট— এক সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনার একের পর এক জায়গায় ত্রাণের মাল উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে ত্রাণ বণ্টন ব্যবস্থা। প্রাক্তন মন্ত্রীর বাড়ির নাম জড়ানোয় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। চালকের স্বীকারোক্তি ও পঞ্চায়েত মেম্বারের যোগ সামনে আসায় বড় চক্রের ইঙ্গিত মিলছে। পুলিশি তদন্তেই আসল সত্য বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
