আজকের দিনেভারতরাজনীতি

INDIA জোটে বড় ভাঙন, মমতার বৈঠকের আগেই জোট ছাড়ল স্ট্যালিনের DMK

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- লোকসভা ভোটের আগে বিরোধী শিবিরে বড় ধাক্কা। কংগ্রেসের সঙ্গে দূরত্বের পর এবার আনুষ্ঠানিকভাবে INDIA জোট ছাড়ল তামিলনাড়ুর শাসকদল DMK। আগামী ৮ জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের শীর্ষ বৈঠকে যোগ দেবে না এম কে স্ট্যালিনের দল। DMK-র সাফ ঘোষণা, যে বৈঠকে কংগ্রেস থাকবে, সেখানে তারা নেই।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই বদলে গিয়েছে জোটের সমীকরণ। নির্বাচনে অভিনেতা বিজয়ের দল ১০৮টি আসন পেয়ে বৃহত্তম দল হিসাবে উঠে আসে। মাত্র ৫টি আসন পাওয়া কংগ্রেস এরপর DMK-র হাত ছেড়ে বিজয়কে ‘শর্তসাপেক্ষে’ সমর্থন করার সিদ্ধান্ত নেয়। DMK-র অভিযোগ, নির্বাচনের আগে জোটের সুবিধা নিয়ে জেতে কংগ্রেস। কিন্তু ফল প্রকাশের পর কোনও আলোচনা ছাড়াই জোট ভেঙে বেরিয়ে যায় হাত শিবির। এই ঘটনায় চরম ক্ষুব্ধ স্ট্যালিনের দল কংগ্রেসকে এবার ‘অচ্যুতের তালিকায়’ ফেলতে চাইছে। ইতিমধ্যেই লোকসভায় কংগ্রেসের পাশে বসতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন DMK সাংসদরা।

জল্পনা ছিল ৮ জুনের বৈঠক নিয়ে। তৃণমূলের তরফে স্ট্যালিনকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কংগ্রেসও বার্তা দিয়েছিল, কেরলে যেভাবে সিপিএম-কংগ্রেস মুখোমুখি লড়লেও দিল্লিতে বিজেপি বিরোধিতায় একজোট, তামিলনাড়ুর ক্ষেত্রেও সেটা সম্ভব। কিন্তু DMK নিজেদের অবস্থানে অনড়। দলের স্পষ্ট বার্তা, যেখানে TVK বা কংগ্রেস আছে, সেখানে তারা থাকবে না।

স্ট্যালিনের এই সিদ্ধান্ত INDIA জোটের জন্য বড় ধাক্কা। লোকসভায় DMK-র সাংসদ সংখ্যা ২২। রাজ্যসভাতেও একাধিক সাংসদ রয়েছে। আসন পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ বিল আটকাতে DMK-র ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জোট ছাড়ায় সংসদে বিরোধী শিবিরের শক্তি অনেকটাই কমল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকের আগেই এই ভাঙন জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *