মোদির হাত ধরে পঞ্জাব-উত্তরপ্রদেশ রেল যোগাযোগ, চালু হচ্ছে কবে থেকে ?
কিউ ইন্ডিয়া বাংলা, উতত্রপ্রদেশ:- পূর্ব উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের মধ্যে রাতের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আরামদায়ক ও উন্নত করতে ভারতীয় রেলের এক বড় পদক্ষেপ। আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জলন্ধর থেকে ভার্চুয়াল মাধ্যমে নতুন ট্রেন ‘সন্ত রবিদাস এক্সপ্রেস’-এর শুভ উদ্বোধন করবেন। একই দিনে প্রধানমন্ত্রী নবনির্মিত ও আধুনিকীকরণ করা জলন্ধর রেলস্টেশনেরও লোকোৎস্বর্গ করবেন।
রেল বোর্ড জানিয়েছে, এই নতুন ট্রেনটি উভয় দিকেই সপ্তাহে তিন দিন করে চলাচল করবে। ট্রেনের সময়সূচি নিচে দেওয়া হলো:
-
ট্রেন নম্বর ১৪৬২৪ (ছেহারতা থেকে বারাণসী): প্রতি বুধবার, শুক্রবার এবং রবিবার দুপুর ২টা ৫ মিনিটে ছেহারতা (Chheharta) থেকে ছাড়বে। দুপুর ২টা ২৫ মিনিটে অমৃতসরে পৌঁছে ৫ মিনিটের বিরতি নিয়ে আবার রওনা দেবে। পরের দিন সকাল ৭টা ৩০ মিনিটে লখনউ এবং দুপুর ১২টা ১৫ মিনিটে বারাণসীতে পৌঁছাবে।
-
ট্রেন নম্বর ১৪৬২৩ (বারাণসী থেকে ছেহারতা): ফিরতি পথে প্রতি বৃহস্পতিবার, শনিবার এবং সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বারাণসী থেকে ছাড়বে। ট্রেনটি রাত ১২টা ১০ মিনিটে লখনউ, পরের দিন বিকেল ৪টা ৩৫ মিনিটে অমৃতসর এবং শেষ পর্যন্ত বিকেল ৫টা ১০ মিনিটে ছেহারতায় গিয়ে যাত্রা শেষ করবে।
স্টপেজ এবং রক্ষণাবেক্ষণ: সন্ত রবিদাস এক্সপ্রেস যাত্রাপথে দুই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। স্টেশনগুলি হলো— জৌনপুর সিটি, সুলতানপুর, লখনউ, শাহজাহানপুর, বরেলি, মোরাদাবাদ, সাহারানপুর, আম্বালা ক্যান্ট, লুধিয়ানা, জলন্ধর সিটি এবং অমৃতসর। রেল বোর্ডের মতে, এই ট্রেনটির প্রধান রক্ষণাবেক্ষণের (Maintenance) কাজ ছেহারতা স্টেশনেই করা হবে।
এই নতুন ট্রেন পরিষেবা চালু হওয়া ভারতের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দীর্ঘ দূরত্বের রুটে সাধারণ যাত্রীদের দ্রুত ও নিরাপদ ভ্রমণের সুবিধা দেবে।
