৫ এপ্রিল আলিপুরদুয়ার নয়, কোচবিহারে প্রচার করবেন প্রধানমন্ত্রী
কিউ ইন্ডিয়া বাংলা,উত্তরবঙ্গ: বঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শেষ মুহূর্তে তাঁর প্রথম নির্বাচনী সভার স্থান পরিবর্তন করা হলো। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৫ এপ্রিল আলিপুরদুয়ারে মোদীর প্রথম সভা হওয়ার কথা থাকলেও, তা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে ওই দিনই কোচবিহারের ঐতিহাসিক রাসমেলার মাঠে জনসভা করবেন তিনি। বিজেপির পক্ষ থেকে আলিপুরদুয়ারের সভা বাতিলের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলের ধারণা, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র কোচবিহারের রাজনৈতিক সমীকরণ এবং রাসমেলার মাঠের বিশাল জনসমাগমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ এপ্রিল কোচবিহারের সভা শেষ করার পাঁচ দিন পর, অর্থাৎ ১০ এপ্রিল ফের উত্তরবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী। সেদিন শিলিগুড়িতে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ একটি বর্ণাঢ্য রোড-শো করার কথা রয়েছে তাঁর।
গত ১৪ মার্চ ব্রিগেডের সভা থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মোদী। তারপর জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতেই প্রধানমন্ত্রীর বঙ্গ সফর নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। ২০১৯-এর লোকসভা এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে নিজেকে প্রমাণ করেছে। এবারও দুই দফায় (২৩ ও ২৯ এপ্রিল) ভোটগ্রহণের প্রথম দফাতেই উত্তরবঙ্গের আসনগুলিতে লড়াই। তাই ভোট শুরুর এক মাস আগেই নিজের খাসতালুক গুছিয়ে নিতে মরিয়া গেরুয়া শিবির। রামনবমীর প্রাক্কালে মোদীর এই সফর বঙ্গ বিজেপির কর্মীদের বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করা হচ্ছে। ৫ এপ্রিল কোচবিহারের রাসমেলার মাঠ থেকে প্রধানমন্ত্রী রাজ্য সরকারের বিরুদ্ধে কী বার্তা দেন এবং উত্তরবঙ্গের মানুষের জন্য কী প্রতিশ্রুতি রাখেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা। ১০ এপ্রিল শিলিগুড়ির রোড-শো-ও উত্তরবঙ্গের সামগ্রিক জনমতে বড় প্রভাব ফেলতে পারে বলে অনুমান করা হচ্ছে।
