Bombay High Court: সরকারের নীতির বিরোধিতা মানেই অনৈতিক কর্মকাণ্ড নয়, পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের
কিউ ইন্ডিয়া বাংলা- সরকারের কোনও নীতির বিরোধিতা করা মানেই সেটি অনৈতিক কাজ এমনটা নয়। সরকারের কোনও পদক্ষেপের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিলেই কাউকে নির্বাসিত করা যায় না। এমনটাই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের। আদালতে মামলা করেছিল সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)-এর সাধারণ সম্পাদক আহমেদ আব্দুল ওয়াহিদ চৌধুরী। তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছিলেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর-কে ভিত্তি করে মুম্বই পুলিশ তাকে শহর থেকে নির্বাসিত করার নির্দেশ দেয়।
পুলিশের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের শরণাপন্ন হন ওই ব্যক্তি। মামলার শুনানিতে বিচারপতি মাধব জামদার সংবিধানের দুটি ধারা উল্লেখ করে বলেন নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। সরকারের কোনও সিদ্ধান্তের বিরোধিতা করা বা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করা গণতন্ত্রের স্বাভাবিক ও বৈধ প্রক্রিয়া। কেবল মাত্র সেই কারণ দেখিয়ে কোনও ব্যক্তিকে নির্বাসিত করা তার মৌলিক অধিকারের পরিপন্থী। আদালত জানায়, সরকার বিরোধী মত প্রকাশ বা শান্তিপূর্ণ গণতন্ত্রের অপরিহার্য একটি অঙ্গ। সেইসঙ্গে আদালত জানিয়েছে, যদি কোনও প্রতিবাদ করার সময় সহিংসতা, আইনশৃঙ্খলাভঙ্গ বা অন্য কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতা দেখা যায়, বা এই ধরনের কোনও কাজের প্রমাণ থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে প্রশাসন।
