চন্দ্রনাথ রথ খুনে নতুন মোড়, উদ্ধার সন্দেহজনক বাইক , নম্বর প্লেট ভুয়ো
কিউ ইন্ডিয়া বাংলা :- শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় নতুন মোড় । মধ্যমগ্রাম থানার পুলিশ ,বাইকটিকে বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছে একটি ভ্যাট থেকে উদ্ধার করেছে । বাইকটিরও নম্বর প্লেট ভুয়ো। ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করা। বাইকটি আসানসোলের বার্নপুর এলাকার এক ব্যক্তির বলে খবর।
তদন্তে আরো জানা গেছে,পশ্চিম বর্ধমান RTO থেকে নথিভুক্ত করা হয়েছে। SAIL-এর ইসকো স্টিল প্ল্যান্টের কোয়ার্টারের ঠিকানায় রয়েছে গাড়ির রেজিস্ট্রেশন। গাড়িটির মালিকের নাম বিভাসকুমার ভট্টাচার্য । ২০১২ সালের ৪ মে রেজিস্ট্রেশন করা হয়েছে । যে ঠিকানায় এই রেজিস্ট্রেশন, সেই ঠিকানায় গিয়ে জানা গিয়েছে বিভাস নামে কেউ সেখানে থাকেন না। সেখানে থাকেন ধরমবীর কুমার। SAIL-এর ইসকো স্টিল প্ল্যান্টে কাজ করেন তিনি। বিভাসকুমারের নাম শুনে হতবাক তিনি। ২০১৪ সাল থেকে তিনি এই কোয়ার্টারে থাকেন। এর আগে কেউ এখানে থাকলে তা তিনি জানেন না।
ইতিমধ্যে চন্দ্রনাথ রথ খুনে জড়িত চারচাকা গাড়ির ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছে । আসল নম্বরের গাড়ির মালিকের হদিশ মিলেছে শিলিগুড়িতে । এই ঘটনায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ওই ব্যক্তি । ঘটনাকে ঘিরে রহস্য আরো গাঢ় হচ্ছে ।
