ময়নাতদন্ত সম্পন্ন চন্দ্রনাথ রথের , কী জানা গেল? কেমন আছেন গাড়ি চালক ?
কিউ ইন্ডিয়া বাংলা :-নন্দীগ্রাম ও ভবানীপুরের ২০২৬ বিধানসভার জয়ী প্রার্থী তথা বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে বারাসাত মেডিকেল কলেজে । চন্দ্রনাথের গাড়িচালক বুদ্ধদেব বেরা বর্তমানে বাইপাস এর কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার করে তার শরীর থেকে গুলি বের করা হয় । গাড়ি চালকের ডান হাত ও জয়েন্ট হাড়ে গুলি লাগে । এমনকি ফুসফুসে গুলি লেগেছে ।
বারাসাত মেডিকেল কলেজের ৩ সদস্যের চিকিৎসক দল চন্দ্রনাথ রথের দেহের ময়নাতদন্ত সম্পন্ন করে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , ভিসেরা থেকে শুরু করে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা যাবতীয় নথি ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। একটা গুলি চন্দ্রনাথের হার্ট ফুঁড়ে দিয়েছে । সে কারণেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। ময়নাতদন্ত প্রসঙ্গে বারাসত মেডিক্যাল কলেজের এমএসভিপি অভিজিৎ সাহা বলেন, ‘নিয়মমাফিক পোস্টমর্টেম হয়েছে। ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। পুলিশের কাছে সেটা হস্তান্তর করা হয়েছে। এক্স-রে করা হয়েছে। বডি থেকে গুলি পাওয়া গিয়েছে।’
গতকাল বুধবার রাতে মধ্যমগ্রামে দোহারিয়া এলাকায় চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় । গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে তাঁর গাড়ির চালক বুদ্ধদেব ছিলেন। দু’জনের শরীরেই গুলি লাগে। চন্দ্রনাথকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। বুদ্ধদেব বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর তার অবস্থা বর্তমানে সংকটজনক ।
