Nepal Disaster : নেপালে হিমবাহ ভেঙে বিপর্যয়, এত কাদা এল কোথা থেকে ?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নেপালে ত্রিশূলী ও ভোটেকোশী নদীতে সর্বগ্রাসী হড়পা বানে মৃত্যুমিছিল চলছে। জলের সঙ্গে বিপুল কাদা, মাটি আর পাথর নিয়ে লোকালয়ের দিকে ছুটে আসছে স্রোত। বিজ্ঞানীরা বলছেন, এই কাদার রহস্য লুকিয়ে তিব্বত সীমান্তের হিমবাহের উৎসেই।(Nepal Disaster)
নেপাল-তিব্বত সীমান্তে লাংটাং হিমল পর্বতমালার লাংটাং লিরুং শৃঙ্গের উত্তরে, প্রায় ৫২০০ মিটার উচ্চতায় থাকা একটি হিমবাহ ভেঙে ১২০০ মিটার নীচে আছড়ে পড়ে। তার ধাক্কাতেই সৃষ্টি হয় এই বিধ্বংসী হড়পা বানের। বরফের চাঁই ভেঙে পড়ায় ৫.২ মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়। প্রথমে মনে করা হয়েছিল মহাদেশীয় পাতের নড়াচড়ায় ভূমিকম্প হয়েছে, কিন্তু পরে জানা যায় হিমবাহ ভাঙাই এর কারণ।
এত কাদার উৎস নিয়ে প্রশ্ন উঠেছিল। নদী পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় উপত্যকা থেকে পলি, বালি টেনে নিলেও ভোটেকোশীতে যে পরিমাণ কাদা দেখা গেছে তা শুধু সেখান থেকে আসা সম্ভব নয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ গোরান একস্ট্রম জানান, হিমবাহটির গোড়াতেই প্রচুর কাদামাটি জমে ছিল।(Nepal Disaster)
এর নেপথ্যে রয়েছে ‘পার্মাফ্রস্ট’। হিমালয়ের বুকে বরফের সঙ্গে টানা দু’বছরের বেশি জমাট বেঁধে থাকা মাটির শক্ত স্তরকে পার্মাফ্রস্ট বলে। কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যাল্টন বায়ার্সের মতে, পার্মাফ্রস্ট গলে যাওয়ায় বরফের চাঁই নড়বড়ে হয়ে ভেঙে পড়ে এবং তার থেকেই ধারাবাহিকভাবে এই ধ্বংসলীলা শুরু হয়।
বিজ্ঞানীদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের জেরে পার্মাফ্রস্ট গলার কারণেই ভবিষ্যতে হিমালয়ে এমন বিপর্যয় আরও বাড়তে পারে।(Nepal Disaster)
