Cleanliness Regulations : আজ ১লা সেপ্টেম্বর থেকে রাজ্যে কঠোর পরিচ্ছন্নতা বিধি, নোংরা ফেললেই গুনতে হবে জরিমানা !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাজ্যকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাস্তায় যত্রতত্র নোংরা ফেলা, থুতু ফেলা এবং পানের পিক ফেলার অভ্যাসে লাগাম টানতে আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে কার্যকর হচ্ছে ৬ দফা কঠোর নিয়ম। নিয়ম ভাঙলেই কড়া জরিমানা ও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।(Cleanliness Regulations)
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এই নিয়মগুলি কঠোরভাবে মানা হবে। কোনও ছাড় দেওয়া হবে না।
নতুন নিয়ম অনুযায়ী, রাস্তায় প্রকাশ্যে থুতু ফেললে বা যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেললে ১০০ টাকা জরিমানা গুনতে হবে। একই সঙ্গে যত্রতত্র প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।(Cleanliness Regulations)
পরিবেশ দূষণ রুখতে সিঙ্গল-ইউজ প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। প্লাস্টিক ব্যবহার করলেই জরিমানা করা হবে। এর বিকল্প হিসেবে সাধারণ মানুষকে পরিবেশ-বান্ধব ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হবে। এর জন্য রাজ্যের বিভিন্ন বাজারে ও গুরুত্বপূর্ণ এলাকায় কটন ব্যাগ এবং বায়োডিগ্রেডেবল ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হবে।
এছাড়াও, ইট, বালি, রড, পাথরের মতো বাড়ি তৈরির সামগ্রী রাস্তা আটকে ফেলে রাখা যাবে না। এতে পথচারীদের সমস্যা হয় এবং নোংরা জমে। এমনটা করলে জরিমানা করা হবে। কোনও দোকানের সামনে বর্জ্য বা আবর্জনা জমিয়ে রাখলেও একইভাবে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে এবং বেআইনি পার্কিং করলেও জরিমানা ধার্য করা হবে।(Cleanliness Regulations)
মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য রাজ্যকে আরও স্বচ্ছ ও সুন্দর করে তোলা। ১ সেপ্টেম্বর থেকে পুরসভা ও পুলিশ যৌথভাবে এই নিয়ম কার্যকর করবে।
