Behala Airport-Delhi : বেহালা বিমানবন্দর চালু নিয়ে দিল্লিতে বৈঠক, কেন্দ্রকে চিঠি রাজ্যের !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- দীর্ঘদিন বন্ধ থাকা দক্ষিণ কলকাতার বেহালা বিমানবন্দর ফের চালুর উদ্যোগ নিল রাজ্য সরকার। এই নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে বৈঠক করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।(Behala Airport-Delhi)
বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লেখা একটি বিশেষ চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দেন ক্রীড়ামন্ত্রী। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বেহালা বিমানবন্দরের ৯১৫ মিটার রানওয়ে এটিআর ৭২ বিমান, এয়ার অ্যাম্বুলেন্স এবং চার্টার্ড ফ্লাইট চালানোর জন্য সম্পূর্ণ উপযুক্ত।
সম্প্রতি ওই এলাকায় ড্রোন সার্ভে করা হয়। সার্ভে অনুযায়ী, বিমানবন্দরের হাতে মোট ২১৫.৫৮ একর জমি রয়েছে, যা গোপালপুর, বেহালা ও পোরুই মৌজায় বিস্তৃত।(Behala Airport-Delhi)
রাজ্য সরকারের দাবি, বেহালা বিমানবন্দর চালু হলে কলকাতা বিমানবন্দরের ওপর চাপ কমবে। পাশাপাশি কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার শিল্পায়ন, আঞ্চলিক যোগাযোগ, মেডিক্যাল ইভাকুয়েশন এবং দক্ষিণবঙ্গে পর্যটন ও ব্যবসায় গতি আসবে।
দমদম ও বাগডোগরা বিমানবন্দরের উপর যাত্রী চাপ কমাতে এবং রাজ্যের ছোট বিমানবন্দরগুলিকে সচল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। বেহালার পাশাপাশি দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দরের মান উন্নয়নেও আগ্রহী রাজ্য।(Behala Airport-Delhi)
