শেষ হয়ে গিয়েছেন মোজতবা’ – ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যে ইরানে জল্পনা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলার পর থেকেই অন্তরালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। এবার তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ়-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের দাবি, মোজতবা ‘৯০ শতাংশ শেষ’ হয়ে গিয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলায় গুরুতর ভাবে জখম হয়েছিলেন খামেনেই-পুত্র মোজতবা। তার পর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি প্রয়াত পিতা তথা ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনেইয়ের শেষকৃত্যেও হাজির ছিলেন না তিনি। তবে তেহরান একাধিকবার মোজতবার বক্তব্য প্রকাশ করেছে। ইরানের সংবাদমাধ্যম দাবি করেছিল মোজতবা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।
সোমবার আমেরিকার এক সংবাদমাধ্যমকে-কে ট্রাম্প বলেন, যৌথ হামলায় ইরানের সেনা, নৌবাহিনী, বায়ুসেনা সব ধ্বংস হয়ে গিয়েছে। ইরানের “সেরা নেতারা”ও নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। ট্রাম্পের কথায়, “খোমেইনিও শেষ।” তবে এখানেই গোলমাল। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের নেতা রুহোল্লা খোমেইনি ১৯৮৯ সালেই মারা যান। তাঁর পরেই সর্বোচ্চ নেতা হন আলি খামেনেই। অর্থাৎ ট্রাম্প খামেনেই এবং খোমেইনিকে গুলিয়ে ফেলেছেন বলেই মনে করা হচ্ছে।
মোজতবার প্রকাশ্যে অনুপস্থিতি এবং ট্রাম্পের এই মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতার প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে। তেহরান বারবার সুস্থতার কথা বললেও, প্রকাশ্যে না আসায় ধোঁয়াশা কাটছে না। ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে মোজতবার সুস্থতার উপরেই।
