আজকের দিনেভারত

পুরী থেকে আনা বিগ্রহে রথ টানবে তমলুক, ২৫ বছরের মহোৎসবে জাঁকজমকের ছোঁয়া

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, তমলুক :- রথযাত্রার কাউন্টডাউন শুরু। এ বছর ২৫ বছর পূর্তিতে আরও জাঁকজমকপূর্ণ হচ্ছে তমলুকের ঐতিহ্যবাহী মহাপ্রভু মন্দিরের তাম্রলিপ্ত রথযাত্রা। পুরীধাম থেকে আনা হয়েছে দারুব্রহ্ম জগন্নাথ, বলদেব ও সুভদ্রার সুবৃহৎ বিগ্রহ। ভক্তদের জন্য থাকছে মহাপ্রসাদ বিতরণ থেকে স্বাস্থ্য শিবির।

প্রায় পাঁচশো বছরের প্রাচীন তাম্রলিপ্ত ধামেশ্বর স্বয়ম্ভূ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে ২৯ জুন থেকে শুরু হয়েছে ৩১ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব। চলবে ২৯ জুলাই পর্যন্ত। এবারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে প্রায় ১৫ থেকে ১৭ ফুট উচ্চতার তিনটি নতুন রথ।

রথযাত্রার দিন মহাপ্রভু মন্দির থেকে রথ বেরিয়ে তমলুক পুরসভা, বর্গভীমা মন্দির, বড়বাজার, নিমতলা, হাসপাতাল মোড়, মানিকতলা হয়ে তমলুক রাজবাড়ির মাসির বাড়ি পর্যন্ত যাবে। উল্টোরথের দিন একই পথে ফিরবেন জগন্নাথ, বলদেব ও সুভদ্রা।

মন্দির কর্তৃপক্ষের তরফে প্রতিদিন পুরীধামের মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আয়োজন করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরেরও। মন্দিরের আচার্য প্রভুপাদ গৌর কিশোরানন্দ দেব গোস্বামীর দাবি, রথযাত্রায় প্রায় দেড় থেকে দুই লক্ষ ভক্ত অন্নপ্রসাদ গ্রহণ করবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৯ সাল থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই রথযাত্রার চেয়ারম্যান। ব্যস্ততার মধ্যেও তিনি প্রস্তুতির খোঁজখবর নিয়েছেন। রথযাত্রার দিন তিনি জগন্নাথ দেব ও মহাপ্রভুকে আরতি করে রথের সূচনা করবেন।

পুরী থেকে আনা বিগ্রহ, নতুন রথ এবং একাধিক জনকল্যাণমূলক কর্মসূচিকে ঘিরে এবারের তাম্রলিপ্ত রথযাত্রা নিয়ে ভক্তদের উৎসাহ তুঙ্গে। ২৫ বছরের মাইলস্টোনে তমলুকের এই রথ উৎসব যে স্মরণীয় হয়ে থাকবে, তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *