আগামী চার দিন ঝড়-বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গে সতর্কতা, উত্তরবঙ্গে বাড়ছে দুর্যোগের আশঙ্কা
বর্ষা এবার আবারও নিজের রূপ দেখাতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০–৪০ কিমি, কোথাও কোথাও ৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির সম্ভাবনা যেসব জেলায়
আজ বুধবার উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে।দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর এই তিন জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে পরিস্থিতি
দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাতেও হলুদ সতর্কতা জারি রয়েছে। রবিবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
কলকাতার আবহাওয়া
সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে। দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১°C এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭°C।
আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় সতর্ক থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেখানে জল জমা, যান চলাচলে সমস্যা এবং বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরিয়ে নিয়মিত আবহাওয়ার আপডেটের উপর নজর রাখুন।
