MEGHALAYA POLITICS : নিশ্চিহ্ন হওয়ার পথে মেঘালয়ের ‘কিংমেকার’ ইউডিপি, সভাপতি ছাড়া সব বিধায়কই ছাড়লেন দল
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মেঘালয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প (MEGHALAYA POLITICS) । একসময়ের ‘কিংমেকার’ ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি) কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে। ১২ জন বিধায়কের মধ্যে ১১ জনই দল ছেড়েছেন, যার মধ্যে ৮ জন বিজেপিতে যোগ দিয়েছেন বলে খবর। দলের সভাপতি মেতবাহ লিংদোহ মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন (MEGHALAYA POLITICS ) ।
মেঘালয়ে একসময় সরকার গঠনের নির্ণায়ক শক্তি হিসেবে বিবেচিত হত ইউডিপি (MEGHALAYA POLITICS ) । ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ১২টি আসনে জয় পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছিল তারা। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া এনপিপি-র ২৬ জন বিধায়কের সঙ্গে ইউডিপির ১২, বিজেপির ২, এইচএসপিডিপির ২ এবং ২ নির্দল বিধায়কের সমর্থনে জোট সরকার গঠন করেন কনরাড সাংমা।
বছরখানেক আগে মন্ত্রী হন ইউডিপি-র সভাপতি মেতবাহ লিংদোহ, যিনি বিধানসভার স্পিকারও। কিন্তু শনিবার তিনি মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিকে কারণ হিসেবে দেখিয়েছেন তিনি।
জানা গিয়েছে, দল ছেড়ে যাওয়া ১১ বিধায়কের মধ্যে ৮ জন বিজেপিতে এবং ৩ জন শাসক দল এনপিপি-তে যোগ দিয়েছেন। নেতৃত্বের প্রশ্নে বেশ কিছুদিন ধরেই ইউডিপি-র অন্দরে মতবিরোধ চলছিল, সংগঠন নিয়েও সমস্যা ছিল। একসঙ্গে ১১ জন বিধায়কের দলত্যাগে সেই ফাটলই প্রকাশ্যে এল।
বর্তমানে দলের ‘একা কুম্ভ’ হিসেবে ইউডিপিতে রয়ে গিয়েছেন একমাত্র সভাপতি মেতবাহ লিংদোহই। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বাধ্য হয়েই তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। এক ধাক্কায় ১১ বিধায়ক হারিয়ে কার্যত অস্তিত্ব সংকটে ইউডিপি, আর উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপি-এনপিপির শক্তি আরও বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা।
