MILAN PRADHAN: জামিন জটে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, ফের পিছোল হাই কোর্টে শুনানি
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বৃহস্পতিবার বিচারপতি বলেছিলেন ‘জামিন দিয়ে দিচ্ছি’, কিন্তু সোমবারও জামিন অধরাই রইল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের (MILAN PRADHAN) । কলকাতা হাই কোর্টে তাঁর জামিনের মামলার শুনানি ফের পিছিয়ে গেল।
বুধবার জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মিলন (MILAN PRADHAN)। তাঁর আইনজীবীরা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জানান, মিলন উপনির্বাচনের প্রার্থী, দ্রুত শুনানি প্রয়োজন। আদালত মামলা দায়েরের অনুমতি দেয়।
বৃহস্পতিবার বিচারপতি ঘোষ পর্যবেক্ষণে জানিয়েছিলেন, “আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি। তিনি নির্বাচনে অংশ নিন। বাকিটা মামলার ভাগ্যের উপর নির্ভর করবে।” শুক্রবার বিকেলে শুনানির দিন ধার্য হয়। (MILAN PRADHAN)
কিন্তু শুক্রবারও জামিন মেলেনি। চার মামলায় জামিনের আবেদনের শুনানি হয়, আরও দুটি মামলায় নতুন করে আবেদন করেন মিলন। বিচারপতি জানান, সোমবার বাকি দুই মামলার শুনানি শেষে অন্তর্বর্তী জামিন নিয়ে নির্দেশ দেওয়া হবে। যদিও সোমবার ফের পিছিয়ে যায় শুনানি। বিচারপতি ঘোষ জানান, মঙ্গলবার সকালে শুনানি হবে, তারপর নির্দেশ।
পুলিশ সূত্রে খবর, ১৯ বছরের পুরনো মামলায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেফতার করা হয় মিলনকে। ২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন পর্বে খুন, খুনের চেষ্টা সহ নন্দীগ্রাম থানায় তিনটি এবং খেজুরি থানায় একটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
জামিন না মেলায় নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর ভাগ্য এখনও অনিশ্চিত। মঙ্গলবারের শুনানির দিকে তাকিয়ে সব পক্ষ।
