আজকের দিনেবিশ্বভারত

MAHADEV BETTING APP: ওমানে গা ঢাকা ব্যর্থ, মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডের কিংপিনকে ভারতে ফেরাল সিবিআই

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মহাদেব বেটিং অ্যাপ (MAHADEV BETTING APP) কেলেঙ্কারিতে বড় সাফল্য সিবিআই-এর। দীর্ঘদিন ওমানে গা ঢাকা দিয়ে থাকা মূলচক্রী ও সংস্থার প্রতিষ্ঠাতা সৌরভ চন্দ্রকরকে ভারতে প্রত্যর্পণ করা হল। ইন্টারপোলের সাহায্যে মাস্কাট থেকে বিশেষ দল গিয়ে রবিবার তাঁকে দেশে ফিরিয়েছে। সোমবার তাঁকে রায়পুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে (MAHADEV BETTING APP) ।

সিবিআই সূত্রে খবর, প্রত্যর্পণের পর অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ট্রানজিট রিমান্ডের পর তাঁকে রায়পুরে নিয়ে যাওয়া হবে। সৌরভের বিরুদ্ধে (MAHADEV BETTING APP) সিবিআই-এর দুটি মামলা রয়েছে যাতে চার্জশিট দাখিল হয়েছে, পাশাপাশি ইডি-রও একটি পৃথক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত মাসেই এই কাণ্ডের আরেক মূলচক্রী অভিষেক কুমারকে গ্রেপ্তার করেছে সিবিআই। সিবিআইয়ের দাবি, বেটিং অ্যাপের কেলেঙ্কারির টাকায় দুবাইয়ে বিপুল সম্পত্তি কেনেন অভিষেক। অনলাইনে বাজি ও জুয়ার কার্যক্রম পরিচালনা, বিভিন্ন প্যানেলের সমন্বয় এবং টাকা সংগ্রহে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। ২৪ সেপ্টেম্বর হায়দরাবাদ বিমানবন্দরে নামতেই তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তল্লাশিতে অপরাধমূলক নথি বাজেয়াপ্ত হয়।

২০২৩ সালে প্রথম প্রকাশ্যে আসে এই কেলেঙ্কারি। মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ক্রিকেট-সহ বিভিন্ন খেলায় বেআইনিভাবে বিপুল টাকার বাজি ধরা হত। দুবাই থেকে এই চক্রের কাজকর্ম চলত। এই জালিয়াতিতে নাম জড়িয়েছে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খান-সহ বহু সেলিব্রিটি, রাজনীতিবিদ ও খেলোয়াড়ের।

 

অভিষেকের গ্রেপ্তারের পর থেকেই ওমানে পালিয়ে থাকা সৌরভকে ফেরাতে তৎপর হয় সিবিআই। অবশেষে রবিবার তাঁর প্রত্যর্পণে সাফল্য আসায় তদন্তে গতি আসবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *