আজকের দিনেবাংলার আয়না

Mangroves Destroyed : ম্যানগ্রোভ ধ্বংস করে ভেড়ি ! উচ্ছেদ করে ফের জঙ্গল গড়ার নির্দেশ বনমন্ত্রীর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে গড়ে ওঠা মাছের ভেড়ি উচ্ছেদের উদ্যোগ নিল রাজ্য সরকার। ক্যানিংয়ের গোলাবাড়ি-কৃপাখালি এলাকার প্রায় ১,৬০০ একর জমি থেকে ভেড়ির জল বের করে আগামী নভেম্বরের মধ্যেই সেখানে নতুন করে বনায়নের নির্দেশ দিলেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাও।

শনিবার সুন্দরবন সফর শেষে ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের গোলাবাড়ি-কৃপাখালি এলাকা পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী। সরেজমিনে দেখে তিনি জানান, ওই এলাকায় ম্যানগ্রোভ কেটে বেআইনিভাবে মাছের ফিশারি গড়ে তোলা হয়েছে।

মন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রথমে ভেড়িগুলি থেকে জল বের করে দেওয়া হবে। এরপর আগামী নভেম্বরের মধ্যেই ওই প্রায় ১,৬০০ একর জমিতে নতুন করে ম্যানগ্রোভ রোপণ করা হবে। যাতে ভবিষ্যতে আর কেউ সেখানে মাছের ভেড়ি তৈরি করতে না পারে, সেই ব্যবস্থাও নেওয়া হবে। জমি উদ্ধারের বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে দিনের শুরুতে ঝড়খালির হেড়োভাঙ্গা বিদ্যাসাগর হাইস্কুলে অরণ্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বনমন্ত্রী। সেখানে পরিবেশ সংরক্ষণ ও বিশ্ব উষ্ণায়নের মোকাবিলায় ‘মায়ের নামে একটি গাছ রোপণ করুন’ কর্মসূচির কথা তুলে ধরে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। সুন্দরবনের পরিবেশ রক্ষায় ম্যানগ্রোভের ভূমিকা অপরিসীম বলেও মন্তব্য করেন মন্ত্রী।

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় রাজ্যের এই কড়া পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পরিবেশবিদরা। নভেম্বরে বনায়ন শুরু হলে ধ্বংস হওয়া ম্যানগ্রোভ অঞ্চল ফের সবুজে ভরে উঠবে বলেই আশা প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *