আজকের দিনেখেলাবিশ্বভারত

India Triumphs In Europe : ইউরোপের বুকে ভারতের জয়ধ্বনি! ব্রাজিলকে হারিয়ে টানা দ্বিতীয়বার গোথিয়া কাপ চ্যাম্পিয়ন মিনার্ভা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আবারও ইউরোপে ভারতের পতাকা উঁচু করল মিনার্ভা অ্যাকাডেমি। চণ্ডীগড়ের খুদে ফুটবলাররা সুইডেনে অনুষ্ঠিত গোথিয়া কাপের ফাইনালে ব্রাজিলের আরএস স্পোর্টস ইয়েলোকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল। কয়েকদিন আগেই তারা ফিনল্যান্ডের হেলসিঙ্কি কাপও ঘরে তুলেছিল।

সুইডেনের ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিনার্ভা। ১০ মিনিটেই কিপগেন থাংসাংলেনের গোলে এগিয়ে যায় ভারতীয় দল। ব্রাজিলের দল সমতা ফেরালেও ৪৯ মিনিটে মেখামখরাও নংরেমের দুর্দান্ত ফ্রিকিকে ফের এগিয়ে যায় মিনার্ভা। এরপর বারবার আক্রমণ করেও ভারতীয় রক্ষণের দেওয়াল ভাঙতে পারেনি আরএস স্পোর্টস।

গোটা টুর্নামেন্ট জুড়েই ছিল মিনার্ভার দাপট। গ্রুপ পর্বে তারা ইংল্যান্ডের প্রেপ স্কুলস পুমাস ব্লুকে ১২-০, নরওয়ের লিলেস্ট্রম এসকে-৩-কে ১৩-১ এবং স্বাগতিক সুইডেনের সুরতে আইএস এফকেকে ১৬-০ গোলে উড়িয়ে দেয়। নকআউটে কেনিয়ার লিগ্যাসি অ্যাকাডেমিকে ৬-২, ইংল্যান্ডের প্রেপ স্কুলস লায়ন্সকে ১০-১, ফ্রান্সের ওএফসি কুরোনেসকে ১৭-১ এবং বলিভিয়ার ক্যানচেরিতোস এফসিকে ৮-০ গোলে হারায়।

সেমিফাইনালে ইউক্রেনের এফসি লোকোমোটিভ কিয়েভের বিরুদ্ধে ৩-২ গোলের কঠিন লড়াই জিতে ফাইনালে ওঠে তারা। ২০২৩ সালে প্রথম ভারতীয় দল হিসাবে গোথিয়া কাপ জিতে ইতিহাস গড়েছিল মিনার্ভা। গত বছর আর্জেন্টিনার সিইএফ ১৮ টুকুমানকে ৪-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্রত্যাশার চাপ সামলেই হ্যাটট্রিকের পথে আরও একধাপ এগোল তারা।

শুধু গোথিয়া কাপই নয়, গত দু’বছরে নরওয়ে কাপ ও ডানা কাপও জিতেছে মিনার্ভা। চলতি বছর মেডিটেরেনিয়ান ইন্টারন্যাশনাল কাপে লিভারপুলের অনূর্ধ্ব-১৫ দলকে ৬-০ গোলে হারিয়ে সাড়া ফেলে দিয়েছিল তারা।

অল্প সময়ের ব্যবধানে ইউরোপের দু’টি বড় টুর্নামেন্টের শিরোপা জিতে ভারতীয় যুব ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গেল মিনার্ভা। ইউরোপের মাটিতে একের পর এক সাফল্যে মিনার্ভা অ্যাকাডেমিকে এখন ভারতীয় যুব ফুটবলের মুখ বললেও অত্যুক্তি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *