Mamata : মমতার ডাকে সাড়া নেই, কালীঘাটের বৈঠকে গরহাজির তৃণমূলের ৬০ বিধায়ক !
কিউ ইন্ডিয়া বাংলা :- ভোটের পরবর্তী রণকৌশল ঠিক করতে কালীঘাটে বিধায়কদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৮০ জন বিধায়কের মধ্যে হাজির মাত্র ১৯-২০ জন। দলের ডাকে ৬০ জন বিধায়কের গরহাজির থাকায় কোরামের অভাবে শেষমেশ স্থগিত হয়ে গেল বৈঠক।
সূত্রের খবর, ভোটের পর দল কীভাবে প্রচারে নামবে, কোন স্ট্র্যাটেজিতে এগোবে— তা নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল আজকের বৈঠকে। একইসঙ্গে গতকাল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা এবং আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল।
সবচেয়ে বড় প্রশ্ন ছিল দলের অন্দরের নীরবতা নিয়ে। অভিষেকের উপর হামলার পরেও তৃণমূলের একটা বড় অংশের নেতা-বিধায়ক রাস্তায় নামেননি। সোশ্যাল মিডিয়াতেও চুপ থেকেছেন অনেকে। কেন এই নীরবতা, সেই জবাব চাইতেই বৈঠক ডাকা হয়েছিল বলে খবর।
তবে ৮০ জনের মধ্যে উপস্থিত হন মাত্র ১৯ থেকে ২০ জন বিধায়ক। উপস্থিতি এত কম হওয়ায় বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে বার্তা দিয়ে জানানো হয়েছে, ‘অনেক বিধায়কই আজকের বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না। তাই আজকের বৈঠক স্থগিত করা হচ্ছে। পরে নতুন তারিখে বৈঠক হবে।’
উল্লেখ্য, গতকাল সোনারপুরে জনরোষের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আবার আক্রান্ত হন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরপর দুই হেভিওয়েট নেতার উপর হামলার পরেও দলের অন্দরের এই নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে।
অভিষেকের উপর হামলার পর দলকে এককাট্টা করতে মমতার ডাকা বৈঠকেই অনুপস্থিত বিধায়কদের ৭৫%। বৈঠক ভেস্তে যাওয়ায় তৃণমূলের অন্দরের অস্বস্তি আরও বাড়ল। দলের এই নীরবতা কৌশলগত না অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পরবর্তী বৈঠকের দিন এখনও ঘোষণা হয়নি।
