রামনবমীর মিছিল নিয়ে নিউটাউনে পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থীর তীব্র বচসা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউটাউন: রামনবমীর পুণ্যলগ্নে নিউটাউন এলাকায় অস্ত্র ব্যবহারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে নিউটাউন রামমন্দির থেকে দমদম রামমন্দির পর্যন্ত আয়োজিত এক শোভাযাত্রায় পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়ায়। মিছিলে উপস্থিত রাজারহাট-নিউটাউন বিধানসভার বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া এবং দলীয় কর্মীদের সঙ্গে পুলিশ আধিকারিকদের দফায় দফায় বচসা হয়। তবে কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শোভাযাত্রাটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
এদিন সকাল থেকেই নিউটাউন রামমন্দির এলাকায় ভিড় জমাতে শুরু করেন বিজেপি সমর্থক ও আয়োজকরা। মিছিল শুরু হওয়ার আগেই একটি গাড়িতে রাখা অস্ত্র পুলিশের নজরে আসে। পুলিশি হস্তক্ষেপে উত্তেজনার সৃষ্টি হয়। নির্বাচন বিধি ও নিরাপত্তা বজায় রাখতে মিছিলে কোনো ধরণের অস্ত্র প্রদর্শন বা ব্যবহার করা যাবে না। পীযূষ কানোরিয়ার মতে, মিছিলে অস্ত্র প্রদর্শনের কোনো উদ্দেশ্য ছিল না। চিরাচরিত প্রথা মেনে মন্দিরে পুজোর জন্য একটি অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। “আমার মিছিলে কোনোদিন অস্ত্র ব্যবহার করা হয়নি। আজও সেই উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র পুজোর জন্য একটি অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু একজন পুলিশ অফিসার অকারণ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছেন।” — পীযূষ কানোরিয়া, বিজেপি প্রার্থী।
অন্যদিকে, আসানসোলের রানিগঞ্জের নারায়ণকুড়ি গ্রামে রামনবমীর কলস যাত্রায় শামিল হন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। রাজনীতির উর্ধ্বে উঠে উৎসবের আমেজে অংশ নিয়ে তিনি জানান, প্রতি বছরই তিনি এই প্রথায় শামিল হন। ভোটের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানের কোনো যোগ নেই বলেই দাবি করেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিউটাউনের পরিস্থিতি বর্তমানে শান্ত। কড়া পুলিশি পাহারায় মিছিলটি দমদম রামমন্দিরে পৌঁছে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
