Madan-Police : ‘উদয় ভিলা’ বিতর্ক: মদন মিত্রের কামারহাটির কার্যালয়ে পুলিশের হানা !
কিউ ইন্ডিয়া বাংলা:- রবিবার দুপুরে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ‘উদয় ভিলা’য় হানা দিল পুলিশ। বারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তালাবন্ধ বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। জমি দখলের অভিযোগেই এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার বেলা ১টা নাগাদ কামারহাটিতে মদন মিত্রের দলীয় কার্যালয় কাম বাসভবন ‘উদয় ভিলা’য় পৌঁছয় পুলিশ। সেই সময় বাড়ি তালাবন্ধ ছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর পুলিশ বাড়িতে প্রবেশ করে। তবে অভিযানের সময় বিধায়ক মদন মিত্র সেখানে ছিলেন না। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, তিনি দক্ষিণ কলকাতার বাড়িতে রয়েছেন এবং বিকেলে কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিধায়কদের সভায় যোগ দেবেন।
অভিযোগ, যে জমির উপর ‘উদয় ভিলা’ তৈরি হয়েছে সেটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার জমি। ওই জায়গায় মহিলাদের স্বনির্ভর করার প্রশিক্ষণ দেওয়া হত। স্থানীয় অভিযোগ, ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার গঠনের পর থেকেই জমিটি বেদখল হয়ে যায়। সেখানে বেআইনি কাজকর্ম চলত বলেও অভিযোগ রয়েছে।
এদিকে রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও একাধিক দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেপ্তারির মধ্যেই এই হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সম্প্রতি তৃণমূল বিধায়কদের ‘সই কাণ্ড’ নিয়েও তদন্ত শুরু করেছে সিআইডি। কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়দের বাড়িতেও গিয়েছেন গোয়েন্দারা। আগামীকাল, সোমবার ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ‘উদয় ভিলা’ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও মদন মিত্র ওই বাড়ির মালিক কিনা, তা এখনও স্পষ্ট নয়। জানা গেছে, তিনি মাঝেমধ্যে ওই বাড়িতে থাকেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ও একাধিক তৃণমূল নেতার বাড়িতে তদন্তের আবহেই মদন মিত্রের বাড়িতে পুলিশের হানায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। জমি দখলের অভিযোগের সত্যতা কী, বাজেয়াপ্ত নথিতে কী মিলল, তার উপরেই নির্ভর করছে তদন্তের পরবর্তী গতিপ্রকৃতি। এ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
