‘লাইব্রেরি নাকি মদের আড্ডাখানা’? বিজেপির অভিযানে উত্তেজনা ডায়মন্ড হারবারে
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে একটি গ্রন্থাগারকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ কপাটহাট এলাকার বর্ণমালা গ্রন্থাগারের আড়ালে দীর্ঘদিন ধরে মদ্যপান ও নারীসঙ্গের আসর বসত। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিজেপির মহিলা মোর্চার সদস্যরা পুলিশকে সঙ্গে নিয়ে গ্রন্থাগারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। এরপরই সামনে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
বিজেপি নেত্রীদের দাবি, গ্রন্থাগারের ভিতর থেকে কয়েক পেটি মদের বোতল উদ্ধার হয়েছে। পাশাপাশি কিছু ব্যবহৃত নিষিদ্ধ সামগ্রীও পাওয়া গিয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ফেস্টুন ও কয়েক পেটি মদের বোতল উদ্ধার হয়েছে বলে দাবি বিজেপির।
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির মহিলা মোর্চার অভিযোগ, গ্রন্থাগারের মতো একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানের আড়ালে অনৈতিক কার্যকলাপ চলছিল এবং এর সঙ্গে তৃণমূলের কিছু নেতার যোগ থাকতে পারে। তাঁদের দাবি, উদ্ধার হওয়া সামগ্রী থেকেই স্পষ্ট যে সেখানে নিয়মিত মদের আসর বসত এবং নারীসঙ্গের আয়োজন করা হত। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে বইয়ের বদলে সেখানে পেটি পেটি মদ। এইগুলি কোথা থেকে এলো?তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই বিষয়ে বিজেপি নেত্রী শশী ঘোষ জানান, তাঁরা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন এবং ভিতরে ঢুকে যে পরিস্থিতি দেখেছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং গ্রন্থাগারটি কীভাবে ব্যবহৃত হচ্ছিল তারও তদন্ত চলছে। তদন্তের পরই পুরো ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করছে প্রশাসন।
