আজকের দিনেভারত

Mizoram Landslide: মিজোরামে ভূমিধস, আটকে পর্যটকেরা, দুর্গত এলাকায় চলছে উদ্ধারকাজ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- প্রবল বৃষ্টিতে মিজোরামে ভূমিধস। বিপর্যস্ত সাধারণ জীবন। বিপদসীমার উপর দিয়ে বইছে জলস্তর। এখনও পর্যন্ত ৮০টির বেশি পরিবারকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। শুক্রবার এক কর্মকর্তা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টির ফলে বাংলাদেশ সীমান্তবর্তী মিজোরামের লুংলেই জেলায় খাউথলাংতুইপুই নদী উপচে পড়েছে, ফলে বিপদ বাড়ছে। রাজ্যের ২৯টিরও বেশি স্থানে ভূমিধস, পাথর ধসে পড়া এবং বৃষ্টিজনিত অন্যান্য ঘটনার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত লুংলেই জেলার ত্লাবুং শহরে, খাউথলাংতুইপুই নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে।

৪২টি পরিবারের বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে তলিয়ে যাওয়ায় তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জাতীয় সড়ক ৫৪ অবরুদ্ধ হয়েছে পড়েছে ভূমিধসের কারণে। লুংলেই জেলার বুয়ালতে গ্রামের কাছে, যেখানে গত চার দিন ধরে বেশ কয়েকজন পর্যটক আটকা পড়ে আছেন। ভূমিধসের কারণে রাজ্যের বাকি অংশ থেকে দক্ষিণের জেলা লাউংতলাই ও সিয়াহার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।

আইজলের দক্ষিণ উপকণ্ঠের নাইজেলে ব্যাপক পাথর ধসে পড়া ও  ভূমিধসের কারণে আইজল-থেনজওল-লুংলেই মহাসড়কটিও অবরুদ্ধ হয়ে পড়েছে। এদিকে, রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রী লালনিলাউমা বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন,  অবিরাম বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন স্থানে দুর্যোগের সৃষ্টি হয়েছে। মন্ত্রী বৃহস্পতিবার নাইজেল ফিলিং স্টেশনের কাছে ভূমিধসের স্থানটি পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভোগান্তি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।  মন্ত্রী লালনিলাউমা দুর্গত পরিবারগুলিকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *