ASANSOL THEFT : পুলিশ ফাঁড়ির নাকের ডগায় চুরি, ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে
কিউ ইন্ডিয়া বাংলা, আসানসোল : আসানসোলে পুলিশ ফাঁড়ির নাকের ডগায় ঘটে গেলো চুরির ঘটনা (ASANSOL THEFT)। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত লেফ্ট ব্যাংক এলাকা জুড়ে। ফাঁড়ির পিছনের কলোনীতে এক বাড়ি থেকে মধ্যরাতে দুষ্কৃতীরা চুরি করে চম্পট দেয়। জানা যাচ্ছে, লেফ্ট ব্যাংক এলাকার বাসিন্দা মন্টু রায়ের বাড়িতে মধ্যরাতে ঘটে এই চুরির ঘটনাটি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, চুরির সময় গৃহকর্তা মন্টু রায় নিজের কাজের জায়গায় ছিলেন (ASANSOL THEFT)। তার বাড়ির বাকি সদস্যরা বাড়িতেই ছিলেন। রাতের নিস্তব্ধতার সুবিধা নিয়ে বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, বিছানার পাশে রাখা দুটি মোবাইল, কিছু নগদ অর্থ এবং একটি ঠাকুরের পুজোর বাসন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। (ASANSOL THEFT)
গৃহকর্তা মন্টু রায় জানান, আমি রাতে কাজে গিয়েছিলাম। বাড়িতে সবাই ঘুমাচ্ছিল, সেই সুযোগে চোর ঢুকে এই সমস্ত ঘটনা ঘটায় । ফাঁড়ির একদম কাছেই আমাদের বাড়ি, তবুও চোরেদের এত সাহস কীভাবে হয় বুঝে উঠতে পারছি না।” তিনি সকালে অভিযোগ জানাতে কল্যানেশ্বরী ফাঁড়িতে গেলেও ফাঁড়ির ইনচার্জ না থাকায় তখন অভিযোগ জমা দিতে পারেননি। কিন্তু তিনি পুনরায় সেখানে গিয়ে অভিযোগ দায়ের করে আসেন। লেফ্ট ব্যাংক এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশ ফাঁড়ির নাকের ডগায় যদি এই ধরনের দুঃসাহসিক চুরি হতে পারে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? লেফ্ট ব্যাংক এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। অবিলম্বে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।
