আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : চেন্নাই এর ঘরের মাঠে পর্যুদস্ত নাইটরা, পরপর দুটি ম্যাচে জয় ঋতুরাজদের …….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- এবারের আইপিএলে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স । পঞ্চম ম্যাচে এসেও জয় অধরা নাইটদের। মূলত ব্যাটারদের ব্যর্থতার কারণে আজকের ম্যাচে হারের সম্মুখীন হতে হয় কিং খানের দলকে। চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ রানে হারল নাইটরা। পরপর দুটি ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে উঠে এলো ঋতুরাজ গায়কোয়াডের দল । আর পয়েন্ট টেবিলে সবার শেষেই থাকলো কলকাতা ।

১৯৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে কেকেআরের ব্যাটিং লাইনআপ। প্রথম ওভারেই মাত্র তিনটি বল খেলে এক রান করে আউট হয়ে যান ফিন অ্যালেন। আজকের নাইটরা ওপেনিং এ নিয়ে আসে সুনীল নারিনকে। ক্যারিবীয় এই অলরাউন্ডার দুটি ছয় এবং দুটি চার মারলেও ১৭ বলে ২৪ রান করে খলিল আহমেদের বলে আউট হয়ে যান । ২০০ রানের কাছাকাছি লক্ষ্যমাত্রা থাকা সত্ত্বেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাগিদ দেখা গেল না নাইট বাটারদের । অধিনায়ক আজিঙ্কা রাহানে ২২ টি বল নিলেন তিনি মাত্র ২৮ রান করেন । এখনো পর্যন্ত নাইটদের সবথেকে সফল ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী আজকে বেশি রানের দেখা পাননি। ১৯ টি বল খেলে এই দিনের ম্যাচে তার সংগ্রহ ২৭ রান । আবারো আজকে হতাশ করলেন ২৫.২০ কোটি টাকার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরণ গ্রিন। তিনি রানের খাতা না খুলেই প্রথম বলে আউট হয়ে যান। নাইট সহ অধিনায়ক রিঙ্কু ১২টি বল খেলে মাত্র ছয় রান করেন। শেষের দিকে ওভারপ্রতি ১২ রানের কাছাকাছি তুলতে হতো ম্যাচ জয়ের জন্য । রমণদীপ সিং ও রভম্যান পাওয়েল অনেকক্ষণ ক্রিজে থাকলেও দলকে জেতানোর জন্য তাদের যে স্ট্রাইক রেটে ব্যাটিং করা উচিত ছিল তারা তা পারেননি। ক্যারিবীয় পাওয়েল ২২টি বল খেলে ৩১ রান করেন । রমণদীপ সিং ২৩ বলে ৩৫ রান করেন। শেষমেষ ৩২ রানের ব্যবধানে ঘরের মাঠে জয় পায় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন আফগান স্পিনার নুর আহমেদ ।

এবারের আইপিএলে কলকাতার খেলা দেখলে মনে হবে, তারা যেন জিততেই ভুলে গিয়েছে। পাঁচটি ম্যাচ খেলে তারা মাত্র এক পয়েন্ট অর্জন করেছে তাও আবার বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় । এই পরিস্থিতিতে তাদের প্রত্যাবর্তন খুবই কঠিন বলে মনে করছে ক্রিকেট মহল। নাইটদের পরের ম্যাচ আগামী ১৭ই এপ্রিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *