আজকের দিনেবাংলার আয়না

সমবায়ে দুর্নীতির মৌচাকে ঢিল, অডিটের নির্দেশ মন্ত্রী অশোক কীর্তনীয়ার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: -সমবায় দপ্তরের দুর্নীতি নিয়ে কড়া অবস্থান নিলেন রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া। শুক্রবার কলকাতার নবমহাকরণে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন, রাজ্যের সমস্ত সমবায় ব্যাঙ্ক ও সমবায় দপ্তরে নিয়মিত অডিট হবে। পাশাপাশি, পূর্বতন তৃণমূল সরকারের একাধিক রেশন নীতি নিয়েও বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী অশোক কীর্তনীয়ার অভিযোগ, গত ১৫ বছরে সমবায় দপ্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে। কোথাও চাষিরা প্রাপ্য টাকা পাননি, কোথাও ব্যাঙ্কের ঋণ শোধ করা হয়নি। শুধু টাকা লুটপাটই নয়, ব্যাঙ্কের সম্পত্তি জলের দরে বিক্রি করে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। মন্ত্রী হওয়ার পর নিজের বিধানসভা বনগাঁ উত্তরে এসে তৃণমূল আমলের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন। এবার সরাসরি দপ্তরের দায়িত্ব নিয়ে অডিটের নির্দেশ দিলেন।

মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এরপর থেকে সমবায় গঠনের সময় কোনও জনপ্রতিনিধি তার মাথায় বসবেন না। সমবায় বোর্ডের সদস্যরাই বোর্ডের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। তাঁর কথায়, “দুর্নীতির মস্ত বড় এক মৌচাকে সরাসরি ঢিল মেরেছি। যারা বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা অবৈধভাবে কামাই করেছে, তারা আমায় ছেড়ে কথা বলবে না। ফলে এখন যে কোনও মুহূর্তে আমার প্রাণহানির আশঙ্কা তো থাকছেই।”অশোক কীর্তনীয়া জানান, গত ১৫ বছর সমবায় দপ্তরকে গুরুত্ব দেওয়া হয়নি। বিজেপি সরকার দায়িত্ব দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে সমন্বয় রেখে কৃষকদের উন্নতির রূপরেখা তৈরি করবেন তিনি। কেন্দ্রের ১৬টি প্রকল্প রাজ্যে আনার কথাও জানিয়েছেন মন্ত্রী। একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হবে বলে আশ্বাস দেন। একইসঙ্গে অফিসারদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, “রাজ্যে তৈরি হওয়া নতুন ডবল ইঞ্জিন সরকার দুর্নীতির প্রশ্নে বিন্দুমাত্র কোনও আপস বা রেয়াত করবে না। যাঁরা টাকা লুট করেছেন তাঁরা টাকা ফেরত দিন। না হলে যে ব্যবস্থা নেওয়ার নেব।” লং টার্ম লোন নিয়ে কোটি কোটি টাকা নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অফিসারদের নির্দেশ দিয়েছেন, এক কোটি টাকার বেশি ঋণ নিয়ে যারা শোধ করেনি তাদের তালিকা তৈরি করতে। পাশাপাশি দুর্নীতিতে যুক্ত অফিসারদেরও তালিকা তৈরি হচ্ছে। সার কেনায় দুর্নীতি হয়েছে দাবি করে মন্ত্রী জানান, অডিটের মাধ্যমে দেখা হবে কোন অফিসার জড়িত এবং সরকারের কত টাকা ক্ষতি হয়েছে। সেই টাকা ফেরত নেওয়া হবে।

সমবায় ব্যাঙ্কের টাকা লুট ও সম্পত্তি বিক্রির অভিযোগে অডিটের নির্দেশ ঘিরে শোরগোল পড়েছে প্রশাসনিক মহলে। মন্ত্রীর হুঁশিয়ারির পর নড়েচড়ে বসেছেন দপ্তরের আধিকারিকরা। দুর্নীতির মৌচাকে ঢিল মারার পর নিজের প্রাণহানির আশঙ্কার কথাও প্রকাশ্যে জানিয়েছেন অশোক কীর্তনীয়া। এবার অডিটে কী উঠে আসে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *