IPL-Cricket : শক্তিশালী রাজস্থান কে হারিয়ে ঘরের মাঠে প্রথম জয় নাইটদের ………
কিউ ইন্ডিয়া বাংলা :- অবশেষে আইপিএল 2026 এর প্রথম জয় অর্জন করল কলকাতা নাইট রাইডার্স । ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে শক্তিশালী রাজস্থান রয়্যালস কে তারা হারালো চার উইকেট এর ব্যবধানে। বরুন চক্রবর্তী- সুনীল নারিন ও ব্যাটিংয়ে রিঙ্কু সিং -অনুকুল রায়দের দাপটে এই মরশুমের প্রথম জয় তুলে নিল কিং খানের দল।
আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ব্যাটিং পাওয়ার প্লে অবধি রাজস্থানের ইনিংস বিগত ম্যাচ গুলির মতো এগোচ্ছিল । কিন্তু ৮.৪ ওভারে এসে হঠাৎ ছন্দপতন। ২৮ বলে ৪৬ রান করে আউট হয়ে যান বৈভব সূর্যবংশী । বরুণ চক্রবর্তী তাকে আউট করেন । এরপর ব্যাটিংয়ে নামেন ধ্রুব জুরেল । তবে তিনি মাত্র ৫ রান করে আউট হন। তাকেও ফেরান সেই বরুণ। ওপেনার যশস্বী জয়সওয়াল ২৯ বলে ৩৯ রান করে সুনীল নারিন এর বলে আউট হন । তখন রাজস্থানের রান ছিল ১১.২ ওভারে ৯৯ । এরপর উইকেট পতনের গতি আরো বাড়ে । রিয়ান পরাগ (১২) , সিমরান হেটমায়ার (১৫) রানে আউট হয়ে যান। এরপর বাকিরা কেউ দুই অংকের রানে পৌঁছাতে পারেননি । নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে রাজস্থান রয়্যালস। নাইট বাহিনীর হয়ে ৩ টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও কার্তিক ত্যাগী । ২ টি উইকেট পান সুনীল নারিন।
১৫৬ রানের সহজ লক্ষ্যমাত্রা তারা করতে নেমে নাইটদের জয় সহজে আসেনি । ম্যাচের দ্বিতীয় ওভারের মধ্যেই দুটি উইকেট এর পতন হয় কলকাতার। শূন্য রান করে আউট হয়ে যান কলকাতার দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও টিম সেইফার্ট । এরপর অঙ্গকৃষ রঘুবংশী ও ক্যামেরন গ্রিন নাইটদের ইনিংসের হাল ধরেন । ওভার প্রতি প্রাণের চাহিদা কম থাকায় সেভাবে হাত খুলে খেলতে দেখা যায়নি রঘুবংশী কে । সাবধানি হয়ে ব্যাট করার চেষ্টা করলেও ১৯ টি বল খেলে ১০ রানে তিনি আউট হয়ে যান । গত ম্যাচে সফল হওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্রীন আজকের ম্যাচে ১৩ বলে ২৭ রান করেন। আর ক্যারিবিয়ান ব্যাটার রভম্যান পাওয়েল এর সংগ্রহ মাত্র ২৩ রান । পাওয়েল আউট হওয়ার পর ব্যাট করতে নামেন রামনদ্বীপ সিং তবে তার সংগ্রহ মাত্র দশ রান । শেষ পর্যন্ত কলকাতার সহ অধিনায়ক রিঙ্কু সিং অনুকুল রায়ের সঙ্গে জুটি বেঁধে কলকাতাকে এই সিজনের প্রথম জয় এনে দেন। রিঙ্কু অপরাজিত থাকেন ৫৩ রানে এবং অনুকূল অপরাজিত থাকেন ব্যক্তিগত ২৯ রানে । দুই বল বাকি থাকতে রাজস্থানের মত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পায় কলকাতা।
এই ম্যাচ জিতে কিছুটা হারানো আত্মবিশ্বাস ফিরে পেল নাইট রাইডার্স এর ক্রিকেটাররা । সব থেকে উল্লেখযোগ্য বিষয় দলের বোলিং আক্রমণের অন্যতম প্রধান দুই অস্ত্র সুনীল নারিন ও বরুন চক্রবর্তীর ফর্মে ফেরা। কলকাতার পরের ম্যাচ আগামী ২৬ শে এপ্রিল লখনউ সুপার জায়ান্ট এর বিপক্ষে ।
