ভাইরাল ভিডিওতে জোর জল্পনা, তবে কি ‘বাহুবলী ৩’-আসছে…..!
কিউ ইন্ডিয়া বাংলা, বিনোদন ডেস্ক: ফের একবার ঢাল-তলোয়ার হাতে মাহিশ্মতীর সাম্রাজ্য রক্ষা করতে রুপোলি পর্দায় ফিরছেন প্রভাস? গত এক দশক ধরে যে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আপামর চলচ্চিত্র প্রেমীদের রাতের ঘুম উড়েছিল, এবার বোধহয় সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সৌজন্যে, সদ্য মুক্তি পাওয়া একটি ডকু-সিরিজের ভাইরাল ভিডিও ক্লিপ।
‘বাহুবলী: দ্য টর্চবেয়ারার’ নামের ওই ডকু-সিরিজের একটি বিশেষ দৃশ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সিনেমা মহলে। প্রভাস, রানা দগ্গুবতী এবং অনুষ্কা শেট্টির প্রচ্ছন্ন ইশারা দেখে ভক্তদের উন্মাদনা এখন আকাশছোঁয়া।
ডিজিটাল দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়ানো ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, সোফায় খোশমেজাজে আড্ডা দিচ্ছেন ছবির মূল তিন তারকা। সেখানে কথা বলতে বলতে হঠাৎই রানা দগ্গুবতীকে বলতে শোনা যায়, “আমি জানি না এটা সবার সামনে বলা ঠিক হবে কি না। কিন্তু পরিচালক রাজামৌলি এবং প্রযোজক শোবু যখন এখানে নেই, তখন মনের কথাটা বলেই ফেলি। সকলে হয়তো এখনও এর জন্য প্রস্তুত নয়, কিন্তু বাহুবলী আসবে…”
রানার এই রহস্যময় সংলাপ শেষ হতে না হতেই পাশ থেকে প্রভাস মুচকি হেসে নিজের হাতের তিনটি আঙুল উঁচিয়ে ধরেন। আর তা দেখেই হাসিতে ফেটে পড়েন অনুষ্কা শেট্টি। সবচেয়ে বড় চমক ছিল ক্লিপটির একেবারে শেষে, যেখানে স্ক্রিনে জ্বলজ্বল করে ওঠে একটি ইংরেজি বাক্য— “অ্যান্ড দ্য লেগ্যাসি কন্টিনিউস!”
ভিডিওর এই সামান্য ইঙ্গিতটুকুই নেটপাড়ায় ‘বাহুবলী ৩’ -এর অফিশিয়াল ঘোষণা হিসেবে ধরে নিয়েছেন ভক্তরা। তবে ছবিটির পরিচালক এস এস রাজামৌলি বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়নি।
অন্য এক সাক্ষাৎকারে বাহুবলী ৩ এবং রাজামৌলির সঙ্গে কাজ করা নিয়ে প্রশ্ন করা হলে প্রভাস সরাসরি হ্যাঁ বা না কোনওটাই বলেননি। তবে সাসপেন্স বজায় রেখে তিনি বলেন, “আমরা খুব ভালো বন্ধু। আগামী দিনে যে কোনও কিছু হতে পারে। খুব দ্রুত রাজামৌলির সঙ্গে নতুন প্রজেক্টে গাঁটছড়া বাঁধতে চলেছি।” এটি সিনেমা হিসেবে আসবে নাকি কোনও ওয়েব সিরিজের রূপ নেবে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও ইঙ্গিত কিন্তু অত্যন্ত ইতিবাচক।
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ২০১৭ সালের ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ ভারতীয় চলচ্চিত্রের চেনা ছকটাই বদলে দিয়েছিল। বিশ্বজুড়ে প্রায় ১,৭৮৮ কোটি টাকার ব্যবসা করে এক অনন্য নজির গড়েছিল এই ফ্র্যাঞ্চাইজি, যা দক্ষিণী সিনেমাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেয়। এখন দেখার, প্রভাসের এই তিন আঙুলের ইশারা সত্যিই বক্স অফিসে নতুন কোনও সুনামি নিয়ে আসে কি না!
