আজকের দিনেবাংলার আয়না

চম্পাহাটিতে অবৈধ গ্যাস কারবার ফাঁস, ১৭৭ সিলিন্ডার-সহ ধৃত ১

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার চক্রের পর্দাফাঁস। গতকাল রবিবার কামরা এলাকায় চম্পাহাটি-উত্তরভোগ রোডের ধারে হানা দিয়ে ১৭৭টি ঘরোয়া ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করল ডিইবি। গ্রেফতার করা হয়েছে দিলীপ মণ্ডল নামে এক ব্যক্তিকে। আজ সোমবার ১৮ই মে পুলিশ হেফাজতের আবেদন-সহ ধৃতকে বারুইপুর আদালতে তোলা হবে।

গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার সহযোগিতায় ডিইবি আধিকারিকরা গতকাল অভিযান চালান। উদ্ধার হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ভর্তি ও খালি ১৭৭টি সিলিন্ডার। পাশাপাশি অটো রিকশায় অবৈধভাবে গ্যাস ভরার ও মজুত করার কাজে ব্যবহৃত সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত দিলীপ মণ্ডল দীর্ঘদিন ধরে ঘরোয়া সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে অটোতে ভরার কারবার চালাচ্ছিল।

বর্তমানে বাজারে গ্যাসের চরম সংকট চলছে। দাম বাড়ায় এবং সরবরাহে ঘাটতির কারণে বহু জায়গায় গ্রাহকরা সময়মতো সিলিন্ডার পাচ্ছেন না। এই সুযোগকেই কাজে লাগাচ্ছে অসাধু চক্র। কম দামে অটোতে গ্যাস ভরে দেওয়ার টোপ দিয়ে ঘরোয়া সিলিন্ডার থেকে গ্যাস চুরি করা হচ্ছে। এতে একদিকে যেমন সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে, তেমনই গ্রাহকরা প্রতারিত হচ্ছেন। আবার অবৈধভাবে গ্যাস ভরার ফলে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

গ্যাসের সংকট ও মূল্যবৃদ্ধির বাজারে এই ধরনের অবৈধ কারবার আরও মাথাচাড়া দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসনের নজরদারির ফাঁক গলেই চলছে চুরি ও কালোবাজারি। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *