ঘরের মাঠে হায়দ্রাবাদের মুখোমুখি চেন্নাই সুপার কিংস
কিউ ইন্ডিয়া বাংলা:- আইপিএল ২০২৬ এর দক্ষিণী ডার্বিতে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। প্লে অফে যোগ্যতা অর্জন করা দুই দলের সামনের লক্ষ্য । এই লড়াইয়ের কিছুটা সুবিধাজনক জায়গায় হায়দ্রাবাদ । চেন্নাইয়ের সামনে সেই লক্ষ্যটা তুলনামূলকভাবে কঠিন। চিপকে ঘরের মাঠে যেকোনো মূল্যে জয় চাইছেন ঋতুরাজ গায়কোয়াডরা। তবে হায়দ্রাবাদ ও ছেড়ে দেওয়ার পাত্র নয় । তুল্যমূল্য ম্যাচ হতে চলেছে চেন্নাইয়ে ।
শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হারের পর ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে নেমে গিয়েছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে বাকি দুটি ম্যাচেই জিততে হবে ঋতুরাজ গায়কোয়াড়ের দলকে। দুই ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে সিএসকে, তবে কাজটা মোটেও সহজ নয়।
দলের ব্যাটিংয়ে অবশ্য কিছুটা স্বস্তি ফিরেছে। মিডল অর্ডারে কার্তিক শর্মা নির্ভরতা দিচ্ছেন, আর উর্বিল প্যাটেলের বিস্ফোরক ব্যাটিং বাড়তি শক্তি যোগাচ্ছে। টপ অর্ডারেও সঞ্জু স্যামসনকে নিয়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইন-আপ এখন বেশ ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে। চেন্নাই এর বোলিং বিভাগে ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করেছেন আনসুল কাম্বোজ। আজকেও দলের তিনি অন্যতম প্রধান ভরসা। আইপিএলের শুরুতে যে বোলিং বিভাগ নিয়ে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস, বর্তমানে তা অনেকখানি পরিবর্তন হয়েছে। চোট-আঘাত ও পারফরম্যান্সের কারণে একাধিক পরিবর্তন করতে হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়দের। তবুও লড়াই ছাড়েনি সিএসকে। হায়দ্রাবাদ ম্যাচের আগে জেমি ওভারটন ও খলিল আহমেদ এর বিকল্প হিসাবে ম্যাকনিল নরোনহা ও কুলদীপ যাদবকে দলে নিয়েছে।
টুর্নামেন্টের শেষ লগ্নে এসে ধারাবাহিকতার অভাবে ভুগছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ তিন ম্যাচের দুটিতেই হেরে কিছুটা চাপে প্যাট কামিন্সের দল।
শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কঠিন উইকেটে প্রতিপক্ষকে ১৬৮ রানে পাঁচ উইকেটে আটকে রেখেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। উচ্চমানের পেস বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন-আপ, গুটিয়ে যায় মাত্র ৮৬ রানে। ব্যাটিং বিভাগকে ঘুরে দাঁড়াতে হবে। হায়দ্রাবাদের বোলিং বিভাগ একঝাঁক যুব বোলারদের নিয়ে তৈরি । সাকিব হুসেন , প্রফুল হিঙ্গে , শিবাঙ্গ কুমার এরা নিয়মিত সাফল্য পাচ্ছেন । চেন্নাই এর বিপক্ষে আজকে তাদের জ্বলে উঠতে হবে ।
এবার দেখার অপেক্ষায় এটাই শেষপর্যন্ত ঘরের মাঠে চেন্নাই জিতে প্লে অফের রাস্তা খোলা রাখতে পারে কিনা ? নাকি হায়দ্রাবাদ তাদেরকে হারিয়ে দেয় ।
