আজকের দিনেবাংলার আয়না

আসল পরিবর্তনে থাকলাম’, নন্দীগ্রামে গিয়ে বার্তা শুভেন্দুর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরে বুধবার সকালে নন্দীগ্রামে বিজেপির কার্যালয়ে হাজির হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এলাকায় পৌঁছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেন তিনি। বিজেপির কার্যালয়ে দলীয় কর্মী, সমর্থদের উচ্ছ্বাসের মধ্যে শুভেন্দু বলেন, ‘আমি এগারোর (২০১১) পরিবর্তনে ছিলাম, এ বার আসল পরিবর্তনে থাকলাম।’

এবারের বিধানসভা নির্বাচনে দু’টি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী। দু’টি আসনেই ভালো ব্যবধানে জয় পেয়েছেন তিনি । সেক্ষেত্রে যে কোনো একটি কেন্দ্র থেকেই বিধায়ক থাকতে পারবেন তিনি। এ বিষয়ে শুভেন্দু বলেন, ‘আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন, সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাঁদের কাছেই দেব। ১০ দিনের মধ্যে যে কোনও একটা সিট ছাড়তে হবে। তবে দু’টি কেন্দ্রেই আমি আমার কর্তব্য থেকে সরে যাব না। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত মেনে নেব।’

বিগত ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা আসনেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থীরা। লোকসভার ফলাফল বিধানসভায় ধরে রেখেছে গেরুয়া শিবির। গতবারের থেকে এই নির্বাচনে ভোট শতাংশ অনেকটা বাড়িয়ে নিতে পেরেছে বিজেপি বলে জানান শুভেন্দু। তাঁর কথায়, ‘আমরা ৩৯ শতাংশ ভোট লোকসভায় পেয়েছিলাম। এ বার গোটা রাজ্যে প্রায় ৪৬ শতাংশ পেয়েছি। আগামী এক বছরের মধ্যে সরকার এবং দল এত ভালো কাজ করবে, যাতে আগামী দিনে আমরা ৬০ শতাংশ বেশি মানুষের ভোট পেতে পারি। এ বার পূর্ব মেদিনীপুর জেলায় ১৬-০ হয়েছে। ৫৬ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে।’

নন্দীগ্রামে এসে উন্নয়নমূলক কাজের একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী । শুভেন্দু জানান, হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো ব্রিজ করে। মহিষাদলে রেসিডেন্সিয়াল আধুনিক স্কুল বানাব। সোনাচূড়াতে আইটিআই করা হবে। নন্দীগ্রাম ১ যাতে দু’বার ধান চাষ হতে পারে, সেই ব্যবস্থা করা হবে। কর্মীদের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিরোধীদের পার্টি অফিসে হাত না দেওয়ার বার্তা দেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *