মেসি কাণ্ডে গ্রেফতারি-আশঙ্কা: বারাসত আদালতে আগাম জামিনের আবেদন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের
কিউ ইন্ডিয়া বাংলা :- যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও টিকিট কালোবাজারির অভিযোগে গ্রেফতারির আশঙ্কায় বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ‘গোট’ কনসার্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ-সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।
গত ১৭ মে বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মেসি গোট ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। অভিযোগ, ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫), ৩০৮(২), ৩১৮(৪), ৩৫১(২), ৬১(২) ধারায় টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও প্রতারণা করেছেন অরূপ। শতদ্রুর দাবি, মেসি ইভেন্টের জন্য প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করেছেন প্রাক্তন মন্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সূত্রের খবর, খুব শীঘ্রই বিধাননগর কমিশনারেট অরূপ বিশ্বাসকে তলব করতে পারে। এর আগে বাংলায় নতুন সরকার গঠনের পর ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক মেসি কাণ্ডের ফাইল খোলার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই আবহেই এফআইআর দায়ের করেন শতদ্রু। এফআইআর কপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন ‘সত্যমেব জয়তে’। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিপিকে ধন্যবাদ জানান। শতদ্রুর অভিযোগ, অনুমতি ছাড়াই মাঠে নেমে লিওনেল মেসিকে ঘিরে ধরেছিলেন অরূপ বিশ্বাস। গায়ের জোরে প্রভাব খাটিয়ে মেসির কাছাকাছি পৌঁছে গিয়ে তাঁর গায়ে হাতও দেন। জুঁই বিশ্বাসের বিরুদ্ধেও একাধিক অভিযোগ এনেছেন আয়োজক। তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবে মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি করা হয়েছিল।
মেসিকে ঘিরে যুবভারতীতে বিশৃঙ্খলা ও টিকিট দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়ায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেফতারি এড়াতে আগাম জামিনের পথে হাঁটলেন অরূপ বিশ্বাস। পুলিশি তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সবার।
