FIR-Abhishek : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, ‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের !
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে পালাবদলের পর প্রথমবার সরাসরি এফআইআর দায়ের হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের করেন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। ২০২৬ বিধানসভা ভোটের প্রচারে ‘উসকানিমূলক’ বক্তব্য রাখার অভিযোগ উঠেছে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে।
অভিযোগকারী রাজীব সরকারের দাবি, ‘অভিষেক ব্যানার্জি অফিশিয়াল’ ফেসবুক পেজে প্রচারিত কিছু বক্তব্য সাধারণ মানুষকে হিংসায় প্ররোচনা দিয়েছে। অভিযোগপত্রে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা, হুগলির আরামবাগ, নদিয়ার হরিণঘাটা ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দেওয়া অভিষেকের কয়েকটি ভাষণের উল্লেখ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানা ভারতীয় ন্যায় সংহিতা ও জনপ্রতিনিধিত্ব আইনে মামলা রুজু করেছে। এফআইআর-এ দু’টি জামিন অযোগ্য ধারাও যুক্ত করা হয়েছে। তবে অভিযোগকারী রাজীব সরকারের রাজনৈতিক অবস্থান সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এফআইআর নিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “ওঁর কোন কথার ভিত্তিতে কে অভিযোগ করেছেন, আমি জানি না। কিন্তু অমিত শাহ বাংলায় এসে হুমকি দিয়ে বলেছিলেন উল্টো করে ঝুলিয়ে সিধা করে দেবেন। কই, এরপরে তো ওঁর বিরুদ্ধে কোনও এফআইআর হলো না?”
অন্যদিকে বিজেপির এক নেতার প্রতিক্রিয়া, “পুলিশের কাছে কোনও নাগরিক অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করেছে। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।”
রাজ্যে পালাবদলের পর এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সরাসরি পুলিশি এফআইআর দায়ের হল। ২০২৬-এর ভোট প্রচারের বক্তব্য ঘিরে এই মামলা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। অভিযোগকারী রাজীব সরকারের পরিচয় ও অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও, এফআইআর ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর।
