Dr. Mani Chhetri : প্রয়াত চিকিৎসক মণি ছেত্রী, ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায় …..
কিউ ইন্ডিয়া বাংলা:- প্রয়াত খ্যাতনামা চিকিৎসক ড. মণি ছেত্রী। বালিগঞ্জ প্লেসের বাড়িতে মৃত্যু হয় এই প্রখ্যাত চিকিৎসকের। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর। সূত্রের খবর বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ১৫ দিন আগে বাড়িতেই পড়ে গিয়ে মাথায় আঘাত পান এই চিকিৎসক। তারপর তিনি ভর্তি ছিলেন মণিপাল হাসপাতালে। সেখানে কয়েক দিন থাকার পর অবশেষে ফিরেছিলেন বাড়িতে। আর বাড়িতেই তাঁর মৃত্যু হলো ।
পরিবার সূত্রে জানা গেছে, একাধিক বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এ ছাড়াও ধরা পড়েছিল ফুসফুসের সংক্রমণ। ৫ এপ্রিল সন্ধের কিছু পর তাঁর বালিগঞ্জ প্লেসের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ড. মণি ছেত্রী ১৯২০ সালে দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন চিকিৎসক । পেশায় তিনি ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ। ১৯৭৪ সালে তিনি ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন। একসময় তিনি ছিলেন এসএসকেএম বা পিজি হাসপাতালের অধিকর্তাও। ড. মণি ছেত্রী সামলেছিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বও। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বও ছাড়াও রাজ্য সরকারের স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্বেও ছিলেন তিনি। এ ছাড়াও এসএসকেএম হাসপাতালের উপদেষ্টাও ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের চিকিৎসক মহলে। দেশের চিকিৎসক সমাজের ভূমিকাকে উজ্জ্বল করেছেন ডা: মনি ছেত্রী । মানুষকে ভালো রাখার কাজে ও ছাত্র-ছাত্রী তৈরি করার কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছেন । এসএসকেএম হাসপাতাল কে তৈরি করা পেছনে যে মানুষের অবদান সব থেকে বেশি তার মধ্যে উজ্জ্বলতম নক্ষত্র হলেন ডা: মনি ছেত্রী। শুধু চিকিৎসক মহল নয় তার প্রয়াণে গোটা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে।
প্রয়াত ডা: মণি ছেত্রীর পরিবার সূত্রের খবর তার দেহ আজ ৬ এপ্রিল সোমবার শেষকৃত্য করা হবে। পরিবারের অনেক সদস্যরা উত্তরবঙ্গে থাকেন তারা কলকাতায় আসার পরই অন্তিম সংস্কার সম্পন্ন হবে।
