আজকের দিনেভারত

COVID : ভারতে ফের কোভিডের দাপট! ওমিক্রনের নতুন RF.5 ভ্যারিয়েন্ট শনাক্ত, কতটা চিন্তার?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, অন্ধপ্রদেশ:- বর্ষার মরশুমে ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ (COVID)। এর মধ্যেই অন্ধ্রপ্রদেশের কডাপা জেলায় প্রথমবার শনাক্ত হল ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট RF.5। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখনই আতঙ্কের কারণ নেই।

অন্ধ্রপ্রদেশের কডাপা জেলার চার আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পুনের NIV-তে পাঠানো হয়েছিল। রিপোর্টে ধরা পড়ে সংক্রমণের জন্য দায়ী RF.5।
বিশেষজ্ঞদের মতে RF.5 হল JN.1 থেকে LF.7 এবং PY.1.1.1.1 শাখার মাধ্যমে তৈরি হওয়া একটি রিকম্বিন্যান্ট ভ্যারিয়েন্ট। করোনার ক্ষেত্রে এ ধরনের জিনগত পরিবর্তন স্বাভাবিক। এখনও পর্যন্ত তথ্য বলছে, এটি আগের ওমিক্রন স্ট্রেনের তুলনায় বেশি সংক্রামক বা মারাত্মক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভ্যারিয়েন্টের উপর নজর রাখছে। সিঙ্গাপুর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশেও RF.5 ধরা পড়েছে, তবে কোথাও গুরুতর অসুস্থতা বা মৃত্যুর হার বাড়েনি।

এদিকে উদ্বেগ বাড়িয়ে মহারাষ্ট্রের পুনেতেও প্রায় ৩ বছর পর গত ১০ দিনে একাধিক নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। কলকাতেও ১০ বছরের এক শিশুর শরীরে ভাইরাল লোড পরীক্ষায় SARS-CoV-2 সংক্রমণ ধরা পড়েছে (COVID) । অন্ধ্রপ্রদেশে ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে রাজ্যে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১৬।
চিকিৎসকদের মতে RF.5-এ আক্রান্ত হলে সাধারণত গলা ব্যথা, জ্বর, মাথাব্যথা, নাক দিয়ে জল পড়া, কাশি, শরীরে ব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বয়স্ক বা আগে থেকে অসুস্থ, তাঁদের ঝুঁকি বেশি।

আতঙ্ক নয়, সতর্কতা জরুরি। চিকিৎসকরা বলছেন বর্ষায় শুধু কোভিড নয়, ইনফ্লুয়েঞ্জা এ এবং H1N1-সহ বিভিন্ন শ্বাসযন্ত্রের ভাইরাসের সংক্রমণও বাড়তে পারে। তাই জ্বর, কাশি, গলা ব্যথা বা শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে দেরি না করে পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। অন্ধ্রপ্রদেশের হাসপাতালগুলিকেও পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক থাকতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *