আজকের দিনেখেলা

LORDS : প্রথম ভারতীয় হিসাবে লর্ডসে সেঞ্চুরি, ইতিহাস গড়ে নিন্দুকদের জবাব রোহিতের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, লন্ডন :- কেরিয়ারের সবচেয়ে কঠিন সময়ে দাঁড়িয়েও মাথা নত করেননি। নিন্দুকদের সব প্রশ্নের জবাব ব্যাটেই দিলেন রোহিত শর্মা। লর্ডসের ঐতিহাসিক মাঠে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে নিজের নাম সোনার অক্ষরে লিখলেন ‘হিটম্যান’ (LORDS)। যে সময় সংবাদমাধ্যমে রোজ অবসরের খবর, দলে জায়গা নিয়ে প্রশ্ন, ঠিক সেই সময়েই ৩৪ নম্বর আন্তর্জাতিক সেঞ্চুরি দিয়ে বুঝিয়ে দিলেন ফুরিয়ে যাননি রোহিত শর্মা।

রবিবার লর্ডসে (LORDS) ইংল্যান্ডের দেওয়া ৩৮৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন রোহিত। ইংরেজ বোলারদের ওপর চড়াও হয়ে মোটামুটি ১০০-র কাছাকাছি স্ট্রাইক রেট বজায় রেখেই রান তুলতে থাকেন। পঞ্চাশের আগে একটু সময় নিলেও, ৫০ পেরোনোর পর আর থামেননি।
পর পর বাউন্ডারি আর ছক্কায় শুধু দলের রানের গতি বাড়াননি, নিজের ইনিংসকেও নিয়ে গেছেন অন্য উচ্চতায়। চাপের মুখে বারবার ভেঙে পড়া নয়, বরং চাপকেই নিজের অস্ত্র বানিয়ে ৩৪তম আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নেন তিনি।
এই একটা ইনিংসেই ভেঙেছেন দুটো বড় রেকর্ড। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড এখন রোহিতের দখলে। এতদিন এই রেকর্ড ছিল শচীন তেণ্ডুলকরের। একই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে কোনও বিদেশি ব্যাটারের সর্বাধিক ৮টি সেঞ্চুরির রেকর্ডও এখন তাঁর নামে।
দুদশক ধরে ভারতীয় জার্সিতে খেলে জোড়া টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো রোহিতকে যখন প্রতিদিন প্রমাণ দিতে হচ্ছিল, যখন বলা হচ্ছিল এটাই তাঁর শেষ ম্যাচ, তখন লর্ডসের ২২ গজেই সব সমালোচনার মুখ বন্ধ করে দিলেন তিনি।

এটাই রোহিত শর্মা। সমালোচনা যত বাড়ে, জবাব তত জোরালো হয়। লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরির মাধ্যমে তিনি শুধু একটা ম্যাচ জেতাননি, গোটা প্রজন্মকে শিখিয়েছেন কীভাবে চাপের মুখে লড়তে হয়।
বয়স, ফর্ম, অবসরের গুঞ্জন — সবকিছুকে পিছনে ফেলে হিটম্যান আবার প্রমাণ করলেন, তিনি এখনও শেষ হয়ে যাননি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লর্ডসের গ্যালারিতে তাঁর নাম থেকে যাবে চিরকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *