আজকের দিনেবাংলার আয়না

বিশ্বভারতী ক্যাম্পাসে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে রিল বানিয়ে বিতর্ক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,শান্তিনিকেতন: শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে ভিডিও তৈরি ও তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে অর্থনীতি বিভাগের এক গবেষক ছাত্রকে মুচলেকা দিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হলো। কর্তৃপক্ষের কড়া বার্তার পর ওই ছাত্র লিখিতভাবে ক্ষমা চেয়েছেন এবং বিতর্কিত ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিয়েছেন।

ঘটনার প্রেক্ষাপট: রাজ্যের বর্তমান রাজনৈতিক আবহের মধ্যে ওই গবেষক ছাত্র একটি ভিডিও (রিল) তৈরি করে ফেসবুকে পোস্ট করেছিলেন। ভিডিওটিতে দেখা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের চত্বরে দাঁড়িয়ে হাতে ঝালমুড়ি নিয়ে তিনি ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমাদের বাংলার বিখ্যাত ঝালমুড়ি। যে ঝালমুড়ি খেয়ে সরকার পরিবর্তন হয়েছে। আমরাও এখন সেই ঝালমুড়ি ট্রেন্ড চালু করছি। আমাদের বিশ্বভারতীতেও কিছু বদল হতে চলেছে।”

কর্তৃপক্ষের পদক্ষেপ: ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয়ের অন্দরে বিতর্ক শুরু হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয় যে, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তারা কোনও বিশেষ রাজনৈতিক বক্তব্য বা আদর্শকে সমর্থন করে না। এরপরই ওই ছাত্রকে বিভাগীয় স্তরে তলব করা হয় এবং লিখিতভাবে ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মুচলেখায় ওই ছাত্র নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কোনও বিতর্কিত পোস্ট করবেন না বলে অঙ্গীকার করেছেন।

মিশ্র প্রতিক্রিয়া: এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অন্দরে দ্বিমত তৈরি হয়েছে। আধিকারিকদের একাংশের মতে, অতীতে অনেক অধ্যাপক ও পড়ুয়া বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলেও তাঁদের বিরুদ্ধে এমন পদক্ষেপ দেখা যায়নি। তাঁদের দাবি, নিয়ম সকলের জন্য সমান হওয়া উচিত।

বিশ্বভারতীর বক্তব্য: বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক এই প্রসঙ্গে জানান, “এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ বিভাগীয় স্তরের বিষয় এবং বিষয়টির সমাধান হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট ছাত্র একটি নির্দিষ্ট বিভাগের সঙ্গে যুক্ত। এটি কোনও রাজনৈতিক দলের বিষয় নয়; শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বভারতী কোনও রাজনৈতিক বক্তব্যকে সমর্থন করে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *