Bulldozer : কলকাতায় বুলডোজার অ্যাকশন, ভাঙ্গা হলো একাধিক বেআইনি নির্মাণ !
কিউ ইন্ডিয়া বাংলা: -মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জিরো টলারেন্স’ নীতিতে বড় পদক্ষেপ। রবিবার সকাল থেকে কলকাতার বেলেঘাটা, তিলজলা, কসবায় বেআইনি নির্মাণে বুলডোজার চালাল পুরসভা। বিশাল পুলিশ বাহিনী নিয়ে চলল ভাঙার কাজ। তিলজলার অগ্নিকাণ্ডে দুই মৃত্যুর পরই নড়েচড়ে বসেছে প্রশাসন।
রবিবার সকাল থেকেই শহরজুড়ে শুরু হয় পুরসভার ডেমোলিশন ড্রাইভ। তিলজলার ৬৬ নম্বর ওয়ার্ডে প্রথমে পৌঁছায় বুলডোজার। এলাকার কাউন্সিলর জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান। বেআইনি কারখানা ও অগ্নিসুরক্ষা বিধি না মানা নির্মাণগুলো ভাঙা হয়। গোটা এলাকা পুলিশ ঘিরে রাখে।
বেলেঘাটা থানার ইস্ট কুরিয়া রোডে দাপুটে তৃণমূল নেতা রাজু নস্করের নির্মীয়মান বাড়িতে চলে অভিযান। ২১ তারিখ নোটিস দেওয়ার পর ৪৮ ঘণ্টায় কোনও জবাব না মেলায় আজ হাতুড়ি-গাঁইতি ও পরে বুলডোজার নামে। অন্যদিকে জমি কেলেঙ্কারিতে ধৃত কসবার সোনা পাপ্পুর এলাকাতেও পাঁচতলা বেআইনি নির্মাণ ভাঙা হয়।
ঘটনাস্থলে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “গত সরকারের আমলে একের পর এক দুর্নীতি হয়েছে। পুরসভার নজরেই বেআইনি নির্মাণ হয়েছে। বড় নেতাদের ছত্রছায়ায় টাকার বিনিময়ে বেআইনি কাজ হয়েছে। যারা বেআইনি নির্মাণ করেছে ও মদত দিয়েছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে।”
তিলজলায় সম্প্রতি অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশ দেন। এরপরই অ্যাকশনে নামে পুরসভা। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এখন বিজেপির দখলে। গত তৃণমূল সরকারের আমলে বেআইনি নির্মাণ ও সিন্ডিকেট রাজ নিয়ে বারবার অভিযোগ উঠেছে। নতুন সরকার সেই ইমেজ ভাঙতে কড়া পদক্ষেপ করছে। বিশেষ করে তৃণমূল নেতাদের নাম জড়ানোয় রাজনৈতিক মহলে তোলপাড়। বিজেপির দাবি, এতদিন প্রভাবশালী নেতাদের জন্য পুলিশও চুপ থাকত। এখন সেই ছবি বদলাচ্ছে।
পুরমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ভাঙার কাজে যেন পাশের কোনও বাড়ির ক্ষতি না হয়। বেআইনি নির্মাণ রুখতে শহরজুড়ে নজরদারি আরও বাড়াবে পুরসভা। শুভেন্দু সরকারের এই বুলডোজার নীতি কলকাতার চেহারা বদলাতে পারে কিনা, সেটাই এখন দেখার।
