আজকের দিনেবাংলার আয়না

Parking- Sonajhuri : সোনাঝুরিতে ‘অবৈধ পার্কিং’ বন্ধ করল বিজেপি, তৃণমূল নেতার বিরুদ্ধে কোটি টাকার তোলাবাজির অভিযোগ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাট লাগোয়া বেআইনি পার্কিং বন্ধ করে দিল বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ, বোলপুরের তৃণমূল নেতা নিমাই দাস কোনও বৈধ কাগজ ছাড়াই দিনের পর দিন গাড়ি পিছু ১০০ টাকা করে তুলে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন। রবিবার বিজেপি নেতা-কর্মীরা গিয়ে নো-পার্কিং বোর্ড খুলে পার্কিং বন্ধ করে দেন।

ঘটনাটি রবিবারের। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায় ও বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতা অরুণ দাসের নেতৃত্বে কর্মীরা সোনাঝুরিতে পৌঁছান। তাদের দাবি, তৃণমূল নেতা নিমাই দাস জঙ্গল লাগোয়া রাস্তায় অবৈধভাবে পার্কিং জোন তৈরি করেছিলেন। পর্যটক ও হাটে আসা ব্যবসায়ীদের গাড়ি থেকে ১০০ টাকা করে তোলা হতো। সাধারণ দিনে ৫০০-র বেশি ও শনি-রবিবার আরও বেশি গাড়ি রাখা হতো। এই টাকার এক পয়সাও সরকারি কোষাগারে জমা পড়ত না বলে অভিযোগ। বিজেপির আরও দাবি, পার্কিংয়ের জন্য কিছু জমি দখল করা হয়েছে। দখল হওয়া জমির মালিকদের সঙ্গে নিয়েই তারা ঘটনাস্থলে যান। শম্ভুনাথ রায় বলেন, “বৈধ কাগজ দেখাতে পারেনি। তাই বন্ধ করে দিলাম। মানুষের থেকে লুট করা চলবে না।”

বোলপুর-শান্তিনিকেতন বীরভূমের তৃণমূলের শক্ত ঘাঁটি। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর জেলায় সংগঠন কিছুটা দুর্বল হয়েছে বলে রাজনৈতিক মহলের মত। সেই সুযোগেই বিজেপি বোলপুরে জনসংযোগ বাড়াতে মরিয়া। সাম্প্রতিক সময়ে জেলা জুড়ে তৃণমূলের দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে লাগাতার কর্মসূচি নিচ্ছে গেরুয়া শিবির। সোনাঝুরির মতো পর্যটনকেন্দ্রে ‘অবৈধ কারবার’ বন্ধের ইস্যু তুলে তৃণমূলকে চাপে ফেলতে চাইছে বিজেপি।

পাল্টা নিমাই দাস জানান, “এই জমি আমার। বৈধ কাগজপত্র ও ট্রেড লাইসেন্স আছে। আমার জমিতে পার্কিং চালাচ্ছিলাম।” তিনি জানান, আপাতত পার্কিং বন্ধ রাখছেন এবং প্রশাসন চাইলে কাগজ দেখাবেন। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি অযথা হস্তক্ষেপ করে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে।

খোয়াই হাটে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। পার্কিং বন্ধ হওয়ায় আপাতত সমস্যায় পড়বেন পর্যটক ও ব্যবসায়ীরা। বৈধ কাগজ নিয়ে প্রশাসনের কাছে যাবেন বলে জানিয়েছেন নিমাই দাস। প্রশাসন কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *