আজকের দিনেবাংলার আয়না

‘Sarasari Shankar’ : সরাসরি মানুষের দরবারে শিলিগুড়ির বিজেপি বিধায়ক, ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচিতে ভিড় চাকরিপ্রার্থীদের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচি করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার কয়েকশো মানুষ নিজেদের সমস্যা নিয়ে হাজির হন বিধায়কের দরবারে।

এদিনের কর্মসূচিতে সবচেয়ে বেশি নজর কাড়েন ২০১৬ সালের নিয়োগ দুর্নীতির শিকার চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবি-দাওয়া ও বঞ্চনার কথা বিধায়কের কাছে তুলে ধরেন তাঁরা। এছাড়াও জমি সংক্রান্ত একাধিক অভিযোগ শোনেন শঙ্কর ঘোষ।

শুধু শিলিগুড়ি নয়, ভিন জেলা থেকেও বহু মানুষ এসেছিলেন এই কর্মসূচিতে। ভিড় সামলাতে হিমশিম খান আয়োজকরা। বিধায়ক জানান, সাধারণ মানুষ যাতে সরাসরি জনপ্রতিনিধির কাছে পৌঁছতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
শঙ্কর ঘোষ বলেন, “মানুষের কাছ থেকে পাওয়া সব অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের কাছে তুলে ধরব। সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সময় ও সুযোগ অনুযায়ী ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি চলবে।”

রাজ্যে তৃণমূল সরকারের আমলে নিয়োগ দুর্নীতি, জমি মাফিয়া রাজ নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের পর জনসংযোগ বাড়াতে মাঠে নেমেছেন বিধায়করা। ‘সরাসরি শঙ্কর’ সেই কৌশলেরই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সরাসরি জনতার দরবার বসিয়ে নজর কাড়লেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। চাকরিপ্রার্থী থেকে জমি সমস্যা, সব অভিযোগের দ্রুত সমাধান হবে কিনা, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *