যুবকের গলাকাটা দেহ উদ্ধার
কিউ ইন্ডিয়া বাংলা :- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এ রাস্তায় এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে খুন বলেই মনে করছে পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানার অন্তর্গত সাতমুখী সংলগ্ন বাবলাতলা-গাজীপাড়া রাস্তার মাঝামাঝি এলাকায় শুক্রবার ভোরে রক্তাক্ত অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় সাতমুখী পুলিশ ফাঁড়িতে। সেখান থেকে ক্যানিং থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
মৃতদেহটি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, বেশ কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে। মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। তিনি কীভাবে ওই এলাকায় এলেন, ঘটনাস্থলেই খুন করা হয়েছে নাকি অন্য কোথাও খুন করে দেহ ফেলে যাওয়া হয়েছে এই সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল। ইতিমধ্যেই আশপাশের বিভিন্ন থানায় মৃতের বিবরণ পাঠানো হয়েছে।
ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দিনভর চলাচল থাকলেও সন্ধ্যার পর ওই মাটির রাস্তা প্রায় ফাঁকা হয়ে যায়। রাতে সেখানে দুষ্কৃতীদের আনাগোনা থাকে বলেও অভিযোগ। প্রায় তিন বছর আগে ওই এলাকা থেকেই এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার হয়েছিল ফলে পুরনো ঘটনার সঙ্গেও কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। সব অভিযোগ ও সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।
