Banner : ব্যানারে আগে শুভেন্দু অধিকারী, পরে শমীক ভট্টাচার্য !
কিউ ইন্ডিয়া বাংলা :- বঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের পর দলের ব্যানারে ছবির বিন্যাস বদলের প্রস্তাব দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার দলীয় বৈঠকে তিনি স্পষ্ট জানান, এবার থেকে ব্যানারে আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরে রাজ্য সভাপতি হিসেবে তাঁর ছবি থাকুক। দলীয় শৃঙ্খলা রক্ষায় নিজেকেও রেয়াত করতে নারাজ শমীক ভট্টাচার্য, বলছে গেরুয়া শিবির।
বিজেপির নিয়ম অনুযায়ী, যে কোনও রাজ্যে দলীয় কর্মসূচির ব্যানারের একপাশে থাকেন দুই সর্বভারতীয় শীর্ষনেতা— প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপর সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের ছবি। অন্য পাশে থাকেন রাজ্যের দুই শীর্ষনেতা— মুখ্যমন্ত্রী ও রাজ্য সভাপতি। এতদিন বাংলায় ভারতীয় জনতা পার্টির ব্যানারে মোদী-নীতীনের পর আগে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি থাকত। শুক্রবারের বৈঠকে এই বিন্যাসে আপত্তি তোলেন শমীক ভট্টাচার্য নিজেই। তাঁর যুক্তি, এখন বঙ্গে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। দলের নিয়ম মেনে ব্যানারে আগে প্রশাসনিক প্রধানের ছবি থাকাই বাঞ্ছনীয়। শমীক ভট্টাচার্য বলেন, “শুভেন্দু অধিকারীর ছবি আগে না রাখলে মুখ্যমন্ত্রীকে খাটো করা হয়। শাসকদল বা প্রশাসনে তার কোনও জায়গা নেই।”
রাজনৈতিক মহলের মতে, দলীয় বৈঠকে সবার সামনে এই প্রস্তাব রেখে শমীক ভট্টাচার্য আসলে রাজ্য ও জেলা নেতৃত্বকে প্রশাসনের প্রোটোকল মেনে চলার বার্তা দিলেন। একাংশের দাবি, তৃণমূল আমলে শাসকদল ও প্রশাসন মিলেমিশে যাওয়ার যে অভিযোগ উঠত, ভারতীয় জনতা পার্টির জমানায় যাতে তার পুনরাবৃত্তি না হয়, সেদিকেই নজর শমীক ভট্টাচার্যের। আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, সরকার গঠনের আনন্দে যা খুশি করা যাবে না। শৃঙ্খলা ভাঙলে দল কাউকে রেয়াত করবে না। এবার নিজের ছবি পিছনে রেখে সেই শৃঙ্খলার নজির গড়লেন রাজ্য সভাপতি।
বঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপির অন্দরে প্রোটোকল ও শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থান নিলেন শমীক ভট্টাচার্য। ব্যানারে আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি রাখার প্রস্তাব দিয়ে তিনি বোঝালেন, দল ও প্রশাসনের সীমারেখা স্পষ্ট রাখাই তাঁর লক্ষ্য। শমীক ভট্টাচার্যের এই পদক্ষেপকে ‘শৃঙ্খলাই শেষ কথা’র বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
