Modi : ‘সম্পূর্ণ মিথ্যা’: বিদেশ ভ্রমণে করের খবরে কড়া প্রতিক্রিয়া মোদীর !
কিউ ইন্ডিয়া বাংলা:- বিরল ঘটনা। কোনও মিডিয়া রিপোর্ট নিয়ে সরাসরি মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র বিদেশ ভ্রমণের উপর কর, সেস বা সারচার্জ বসানোর কথা ভাবছে— এমন খবরকে সরাসরি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিলেন তিনি। পাঁচ দেশ সফরের মাঝেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন, এমন কোনও প্রস্তাবই নেই।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির বিরূপ প্রভাব থেকে দেশবাসীকে বাঁচাতে বিদেশ ভ্রমণের উপর কর বা সারচার্জ বসানোর প্রস্তাব নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। রিপোর্টে বলা হয়, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই খবর সামনে আসতেই কড়া জবাব দেন প্রধানমন্ত্রী। এক্সে তিনি লেখেন, “এটা সম্পূর্ণ মিথ্যা। এর মধ্যে এক বিন্দুও সত্যতা নেই। বিদেশ ভ্রমণের ওপর এমন বিধিনিষেধ আরোপের প্রশ্নই ওঠে না।” পাশাপাশি জানান, “আমরা আমাদের জনগণের জন্য ‘Ease of Doing Business’ ও ‘Ease of Living’ উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, গত রবিবার তেলঙ্গানার সভা থেকে প্রধানমন্ত্রী করোনাকালের কথা মনে করিয়ে দেশবাসীকে ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্স ফের চালুর আবেদন জানান। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কথা তুলে ধরে পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানোর অনুরোধও করেন তিনি। এই আবহে সোমবার কেন্দ্র জানায়, ভারতের কাছে ৬০ দিনের অপরিশোধিত তেল, ৬০ দিনের অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস এবং ৪৫ দিনের এলপিজির ‘রোলিং স্টক’ মজুত রয়েছে।
সরকারি সূত্রের খবর, জ্বালানি সাশ্রয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও বিদেশ ভ্রমণে কোনও নতুন কর বা সারচার্জ বসানোর পরিকল্পনা কেন্দ্রের নেই। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে সেই জল্পনায় ইতি পড়ল।
মিডিয়া রিপোর্ট নিয়ে প্রধানমন্ত্রীর সরাসরি প্রতিক্রিয়া দেওয়ার ঘটনা বিরল। পাঁচ দেশের কূটনৈতিক সফরের মাঝেই বিদেশ ভ্রমণে করের গুজব খারিজ করে মোদী স্পষ্ট বার্তা দিলেন— নাগরিকদের ‘Ease of Living’-এ কোনও আঘাত আসবে না। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় ওয়ার্ক ফ্রম হোমের মতো বিকল্প পথে হাঁটার উপরেই জোর দিল কেন্দ্র।
