আজকের দিনেবাংলার আয়না

Arrest : বকুলতলায় অস্ত্র-সহ ধৃত ২, আদালতে পেশ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা নিজস্ব প্রতিনিধি :- দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বড় সাফল্য পেল। হারানবাটি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র, তাজা কার্তুজ ও গানপাউডার-সহ গ্রেপ্তার করা হল ২ জনকে। ধৃতদের আজ, শুক্রবার বারইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। বকুলতলায় অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে বকুলতলা থানার এসআই হাদিউল ইসলামের নেতৃত্বে থানার একটি বিশেষ পুলিশ বাহিনী হারানবাটি গ্রামে অভিযান চালায়। গোপন খবরের ভিত্তিতে প্রথমে খায়রুল গাজি নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
ধৃত খায়রুলের স্বীকারোক্তি ও শনাক্তকরণের ভিত্তিতে পুলিশ ফের একই গ্রামের আজাহার গাজির বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি চলাকালীন সেখান থেকে উদ্ধার হয় একটি লোহার তৈরি একনলা বন্দুক, ১২ বোরের ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৮ এমএম ক্যালিবারের ৪ রাউন্ড কার্তুজ এবং প্রায় ২ কেজি মিশ্র গান পাউডার।
এই ঘটনায় বকুলতলা থানায় অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত খায়রুল গাজি ও আজাহার গাজিকে আজ বারইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনায় ভোটের আগে বেআইনি অস্ত্র কারবার রুখতে তৎপর পুলিশ। কোথা থেকে এই বিপুল আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক এল এবং কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা জানতে জোরকদমে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্র পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখছে বকুলতলা থানার পুলিশ। এই ঘটনার পর হারানবাটি-সহ গোটা বকুলতলা এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *