ARABUL ISLAM : নাটকীয় মোড়! আইএসএফ ছেড়ে ঋত শিবিরে ভাঙ্গরের ‘তাজা’ নেতা আরাবুল ?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ফের রাজনৈতিক পট পরিবর্তন ভাঙ্গরে। মাত্র পাঁচ মাসেই আইএসএফে মোহভঙ্গ, দল ছেড়ে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূলে কি যোগ দিলেন ভাঙড়ের বিতর্কিত ‘তাজা’ নেতা আরাবুল ইসলাম (ARABUL ISLAM) ? সোমবার বিধানসভায় বিরোধী দলনেতার সঙ্গে দীর্ঘ বৈঠকের পরেই জল্পনা তুঙ্গে।
গত কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় আইএসএফের বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগের ঘোষণা করেন আরাবুল (ARABUL ISLAM) । তিনি লেখেন, “আইএসএফের স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই।” অভিযোগ, দল ছাড়ার পর থেকেই একাধিকবার হামলার শিকার হতে হয়েছে তাকে। শনিবার তার গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমাবাজির অভিযোগ ওঠে, সোমবারও ভাঙ্গর ২ বিডিও অফিসের সামনে ফের হামলা হয় বলে দাবি। এর জন্য আইএসএফকেই দায়ী করেছেন তিনি।
একসময় কলেজ শিক্ষিকার মাথায় জগ ছুড়ে বহিষ্কৃত হয়েছিলেন আরাবুল (ARABUL ISLAM) । পরে তৃণমূলে ফিরে ভাঙড়ে দাপট দেখান। শওকত মোল্লার সঙ্গে দ্বন্দ্বের জেরে ২৬-এর ভোটের আগে আইএসএফে যোগ দিয়ে প্রার্থীও হয়েছিলেন, কিন্তু জয় আসেনি। আইএসএফে কোনঠাসা হয়েই দল ছাড়েন তিনি।
হামলা থেকে বাঁচতেই কি ঋত-শরণে আরাবুল (ARABUL ISLAM) ? সোমবার বিধানসভায় প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকের পরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা, এবার কি আনুষ্ঠানিকভাবে ‘আসল’ তৃণমূলে যোগ দিতে চলেছেন ভাঙড়ের এই দাপুটে নেতা?
