আজকের দিনেতিলোত্তমা

App-Cabs Strike : আজ ১২ ঘণ্টার ধর্মঘটে অ্যাপ ক্যাব, সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তির আশঙ্কা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ১১ দফা দাবিতে আজ, সোমবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অ্যাপ ক্যাব পরিষেবা বন্ধের ডাক দিয়েছে সিটু। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনেই কলকাতা-সহ শহরতলির যাত্রীদের বড় ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

সিটু-র তরফে জানানো হয়েছে, ভাড়ার পুনর্গঠন, বাণিজ্যিক ক্ষেত্রে প্রাইভেট বাইক-ট্যাক্সির ব্যবহার নিষিদ্ধ করা, কলকাতায় সিএনজি–র সমস্যা মেটানো, বাণিজ্যিক গাড়ির পলিউশন সার্টিফিকেটে স্বচ্ছতা এবং এসি লাক্সারি ক্যাবের ভাড়া বাড়ানো–সহ মোট ১১ দফা দাবি রয়েছে।

সংগঠনের দাবি, পূর্বতন রাজ্য সরকারের কাছে এই দাবিগুলো জানিয়েও সমাধান মেলেনি। তাই এবার নতুন সরকারের কাছে দাবি জানাতে পথে নামছেন চালকরা। আজ সকাল ১টায় মৌলালির রামলীলা ময়দানে অ্যাপ ক্যাবচালকদের জমায়েত হবে। সেখান থেকে মিছিল করে পরিবহণ দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেওয়া হবে। সিটু প্রত্যেক অ্যাপ ক্যাবচালককে এই মিছিলে থাকার আহ্বান জানিয়েছে।

সময়ের সঙ্গে অ্যাপ ক্যাবের উপর সাধারণ মানুষের নির্ভরতা বেড়েছে। কম সময়ে আরামে গন্তব্যে পৌঁছতে অ্যাপ ক্যাবই ভরসা। সপ্তাহের প্রথম কাজের দিনেই ১২ ঘণ্টা পরিষেবা বন্ধ থাকলে অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলেই সমস্যায় পড়বেন বলে আশঙ্কা।

অতীতে বহুবার প্রশাসনকে সমস্যার কথা জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ চালকদের। তাই বাধ্য হয়েই ধর্মঘটকে হাতিয়ার করা হয়েছে বলে জানিয়েছে সিটু। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *