আজকের দিনেতিলোত্তমা

পুলিশ-হোমগার্ডদের জন্য নবান্নের খামবন্দি চিঠিতে কোন চমক?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- উৎসবের মরসুমে যখন সাধারণ মানুষ আনন্দে মেতে থাকেন, তখন আমজনতার নিরাপত্তা সুনিশ্চিত করতে দিন-রাত এক করে ডিউটি করতে হয় পুলিশ ও হোমগার্ডদের। এবার সেই অতিরিক্ত কর্তব্যের স্বীকৃতি দিল রাজ্য সরকার। গত ২০২৫ সালের দুর্গাপুজো এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলিতে টানা ডিউটি করা পুলিশ কর্মী ও হোমগার্ডদের জন্য মোট ১০ দিনের অতিরিক্ত ছুটি মঞ্জুর করল নবান্ন। রাজ্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের (পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা) পক্ষ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

কারা পাবেন এই ছুটির সুবিধা?

নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ড ভলান্টিয়ারদের সমস্ত স্তরের কর্মীরাই এই ছুটির আওতায় আসবেন। তবে এর জন্য একটি নির্দিষ্ট শর্ত রয়েছে:

  • ৭ দিনের বেশি ডিউটি: ২০২৫ সালের দুর্গাপুজোর ছুটি এবং অন্যান্য গেজেটেড ছুটির দিনগুলিতে যে সমস্ত পুলিশ কর্মী বা হোমগার্ড ভলান্টিয়ার ন্যূনতম ৭ দিনের বেশি সময় ডিউটি করেছেন, কেবল তাঁরাই এই ছুটি পাবেন।

ছুটির বিন্যাস ও গুরুত্বপূর্ণ শর্তাবলী

যোগ্য কর্মীরা মোট ১০ দিনের ছুটি পাবেন, যার বিন্যাস নিচে দেওয়া হলো:

  • ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি : ৮ দিন

  • বিশেষ ছুটি : ২ দিন

গুরুত্বপূর্ণ শর্তাবলী:

  • সময়সীমা: এই অতিরিক্ত ১০ দিনের ছুটি আগামী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর বা তার আগেই কর্মীদের নিয়ে নিতে হবে।

  • ছুটি মেলানোর নিয়ম: এই বিশেষ ছুটি সাধারণ নৈমিত্তিক ছুটি  ছাড়া অন্য কোনও ধরনের বড় ছুটি বা স্থানীয় গেজেটেড ছুটির দিনগুলির সঙ্গে মিলিয়ে নেওয়া যাবে না।

সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং রাজ্যপালের সম্মতি সাপেক্ষেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই আদেশের অনুলিপি ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিডি ও আইজিপি , কলকাতা পুলিশের কমিশনার এবং হোমগার্ডের ডিরেক্টর জেনারেল ও কমান্ড্যান্ট জেনারেলের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে। নবান্নের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি পুলিশ মহলের নিচুতলার কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *