আজকের দিনেবিশ্ব

ফের যুদ্ধের আবহ পশ্চিম এশিয়ায়, নাগরিকদের ফেরাচ্ছে ভারত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিউজ ডেস্ক:- ফের যুদ্ধের আবহ পশ্চিম এশিয়ায়। দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে সরাসরি ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। পাল্টা ইরানের মাহশাহরে পেট্রোকেমিক্যাল কারখানায় বিমান হামলা চালিয়েছে ইজ়রায়েল। উত্তেজনার পারদ তুঙ্গে উঠতেই ইরানে থাকা ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি।

রবিবার রাতে উত্তর ইজ়রায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। হামলার পরেই বিভিন্ন এলাকায় সাইরেন বাজে, সক্রিয় হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইজ়রায়েলি সেনার দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেছে। তবে তেল আভিভ এই হামলাকে এপ্রিলের যুদ্ধবিরতির বড় লঙ্ঘন বলেই দেখছে।

পাল্টা জবাব দিতে দেরি করেনি ইজ়রায়েল। মধ্য ও পশ্চিম ইরান লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা। মাহশাহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানা লক্ষ্য করে হামলা হয়েছে বলে জানা গেছে। IRCG-র দাবি, নেভাতিম ও তেল নফের ইজ়রায়েলি বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে তারা।

পরিস্থিতির গুরুত্ব বুঝে ইরাক ও সিরিয়া নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে। ইরানও পশ্চিমাঞ্চলের আকাশপথে বিধিনিষেধ জারি করেছে। গত কয়েকদিন ধরেই আমেরিকা-ইরান শান্তি আলোচনা বাধার মুখে পড়েছিল। রবিবারের হামলায় যুদ্ধবিরতি কার্যত প্রশ্নের মুখে।

এই আবহে ভারত সরকার ইরানে থাকা নাগরিকদের জন্য নতুন ট্রাভেল অ্যাডভাইজ়ারি জারি করেছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং সামরিক উত্তেজনার কারণে ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে। দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ও স্থানীয় নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

তেহরান-তেল আভিভের নতুন সংঘাতকে নয়াদিল্লি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। বর্তমানে ইরানে থাকা ভারতীয় ছাত্র, ব্যবসায়ী, তীর্থযাত্রী ও অন্যান্য নাগরিকদের নিরাপত্তাই সরকারের প্রধান উদ্বেগ। পশ্চিম এশিয়ায় ফের বড় সংঘাতের আশঙ্কা বাড়ছে, আর তার প্রভাব পড়ছে গোটা অঞ্চলের কূটনৈতিক ও বিমান চলাচলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *